২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১১ মাস পর মুক্ত শেখ হাসিনা

এগার মাস বন্দি থাকার পর বিদেশে চিকিৎসা নিতে আট সপ্তাহের জন্য সাময়িক মুক্তি পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2008, 02:54 PM

Updated : 26 Aug 2022, 01:58 PM

সরকারের নির্বাহী উদ্যোগে বুধবার দুপুর পৌনে ২টার দিকে শেখ হাসিনাকে মুক্তি দেওয়া হয়। কারাগার থেকে বেরিয়ে হাসিনা সাংবাদিকদের বলেন, "আমি ভালো আছি।"

পরে বিশেষ কারাগার থেকে বঙ্গবন্ধু ভবন হয়ে বেলা আড়াইটার দিকে সুধা সদনে পৌঁছান হাসিনা। বৃষ্টি উপক্ষো করে আওয়ামী লীগের হাজার হাজার কর্মী সমর্থক 'শেখ হাসিনা' 'শেখ হাসিনা' শ্লোগানে স্বাগত জানান দলনেত্রীকে।

শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান রাতে সাংবাদিকদের জানান, শেখ হাসিনার চিকিৎসার প্রয়োজনে বৃহস্পতিবার সকালে বিদেশে যাবেন।

"আমি ভালো আছি"

নেত্রী মুক্তি পেতে পারেন এ খবরে সকাল থেকেই আওয়ামী লীগ ও বিডিভন্ন অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী সুধা সদন ও বিশেষ কারাগারের আশেপাশে জড়ো হন। অনেকেই নিজ নিজ সংগঠনের পক্ষ থেকে ফুলের ঝুড়ি নিয়ে আসেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সুধা সদনের সামনে থেকে শুরু করে মানুষের ঢল ধানমন্ডি পাঁচ নম্বর সড়কের মাথায় গিয়ে শেষ হয়। নিরাপত্তা জোরদার করতে বাড়তি পুলিশ, র‌্যাব ও সাদা পোশাকের গোয়েন্দা মোতায়েন করা হয়।

কারা মহাপরিদর্শক জাকির হাসান বেলা সোয়া ১২টার দিকে সাংবাদিকদের বলেন, "শেখ হাসিনার সাময়িক মুক্তির আদেশ আমার হাতে পৌঁছেছে। তাকে আট সপ্তাহের জন্য মুক্তি দেওয়া হয়েছে। আজই তাকে মুক্তি দেওয়া হবে।"

এরপর দুপুর পৌনে ২টার দিকে শেখ হাসিনা বিশেষ কারাগার থেকে বেরিয়ে আসেন। এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে বলেন, "আমি ভালো আছি"

সরকারি ভাষ্য

শেখ হাসিনার মুক্তির ব্যাপারে সরকারের নির্বাহী আদেশে বলা হয়, ফৌজদারি কার্যবিধির ১৮৯৮ এর ৪০১ (৪এ) ধারার ক্ষমতাবলে ১১ জুন থেকে ৬ আগস্ট পর্যন্ত তাকে মুক্তি দেওয়া হচ্ছে। এ আদেশ সরকার যে কোনো সময় বাতিল করতে পারবে।

পরে এ বিষয়ে এক তথ্য বিবরণীতে বলা হয়, "সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার গত মার্চ মাসে সুচিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর সুযোগ চেয়ে আবেদন করে। সরকার গত ৫ জুন তার চিকিৎসার অগ্রগতি ও উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তা নির্ধারণের জন্য মেডিকেল বোর্ড গঠন করে।"

"বোর্ডের সুপারিশ অনুযায়ী এবং প্রয়োজনীয় আইনী প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় সরকার তাকে উন্নত চিকিৎসার জন্য তার অভিপ্রায় অনুযায়ী বিদেশ যাওয়ার সাময়িক সুযোগ দেয়ার সিদ্ধান্ত নেয়।"

বঙ্গবন্ধু ভবন হয়ে সুধাসদন

মুক্তি পাওয়ার পর কারাগার থেকে বেরিয়ে হাসিনা একটি কালো রঙের গাড়িতে করে দুপুর ১টা ৫৫ মিনিটে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে যান। মানিক মিয়া অ্যাভিনিউয়ে পৌঁছানোর পর আওয়ামী লীগ নেতাকর্মীরা হাসিনার গাড়ি ঘিরে ধরে। গাড়ির বহরের পাশে হেঁটে হেঁটে স্লোগান দিতে থাকে তারা।

বঙ্গবন্ধু ভবনে পৌঁছে প্রথমেই তিনি বাবা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর নিজের ছোটবেলার ঘরে কিছুক্ষণ সময় কাটান তিনি। ফুফু খাদিজা বেগম এসময় তার সঙ্গে ছিলেন। বঙ্গবন্ধু ভবনেই হাসিনা জোহরের নামাজ পড়েন।

৩২ নম্বর থেকে গাড়ি বহরটি বের হওয়ার পর আবার নেতাকর্মীদের ভিড়ের মুখে পড়ে। শেখ হাসিনাকে এক নজর দেখার জন্য বৃষ্টি উপেক্ষা করে অপেক্ষমান হাজার হাজার মানুষ ও নেতাকর্মী রাস্তায় নেমে আসে।

ভিড় সামলে গাড়ি বহর খুব ধীরে সুধা সদনের দিকে অগ্রসর হয়। ভিড়ের কারণে বাড়ির ভেতরে ঢুকতে তার প্রায় ২০ মিনিট লেগে যায়।

বিকেল পৌনে তিনটায় সুধা সদনে পৌঁছানোর একটু পর দোতলার বারান্দায় উঠে হাসিনা অপেক্ষমান সমর্থকদের উদ্দেশে হাত নাড়েন। এ সময় নেতাকর্মীদের 'শেখ হাসিনা' 'শেখ হাসিনা' স্লোগানে চারদিক মুখরিত হয়ে ওঠে। এক পর্যায়ে আবেগাপ্লুত হয়ে শাড়ির আঁচলে মুখ ঢাকেন হাসিনা। চশমা খুলে চোখ মোছেন। নিজের অনমনীয় অবস্থান বোঝাতে সমর্থকদের মুষ্টিবদ্ধ হাত দেখান তিনি। দোয়া চেয়ে মোনাজাতের ভঙ্গি করেন।

এ সময় অত্মীয় স্বজনরা তাকে ঘিরে ছিলেন।

কিছুক্ষণ পর বাসার নিচ তলার বৈঠকখানায় নেমে আসেন আওয়ামী লীগ সভানেত্রী। দলের কেন্দ্রীয় নেতারা আগে থেকেই সেখানে উপস্থিত ছিলেন। হাসিনা বৈঠকখানায় তার নির্দিষ্ট সোফায় বসেন। তার ডান পাশের চেয়ারে জিল্লুর রহমান আর বাঁ পাশে সৈয়দা সাজেদা চৌধুরী বসেন।

শেখ হাসিনা সোফায় বসেই জিল্লুর রহমানের সঙ্গে কানে কানে কথা বলেন। পাঁচ/ছয় মিনিট সেখানে কাটিয়ে আবার দোতলায় চলে যান তিনি। এ সময় আওয়ামী লীগ নেতাকর্মী ও সাংবাদিকদের চাপে নিচ তলার বৈঠকখানার দরজার একাংশ ভেঙে যায়।

গত বছরের ১৬ জুলাই এই সুধা সদন থেকেই গ্রেপ্তার করা হয়েছিল শেখ হাসিনাকে।

মুক্তির প্রেক্ষাপট

দুই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, খালেদা জিয়া ও তার ছেলে আরাফাত রহমান কোকোর স্বাস্থ্য পরীক্ষার জন্য সরকার অনেকটা আকষ্মিকভাবেই গত বৃহস্পতিবার আলাদা মেডিকেল বোডে গঠন করে। বোর্ড ওইদিনই হাসিনাকে পরীক্ষা করে সরকারের কাছে প্রতিবেদন দেয়।

মেডিক্যাল বোর্ডের সুপারিশের পরিপ্রেক্ষিতে গত কয়েকদিন ধরেই শেখ হাসিনাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর উদ্যোগ চলছিল। এ জন্য আইনজীবীদের আবেদনের মাধ্যমে দ্রুতগতিতে কয়েকটি মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে তার অব্যাহতির ব্যবস্থা করা হয়।

বোর্ডের চিকিৎসকরা পরামর্শ দেন, হাসিনা আগে যেখানে কানের চিকিৎসা নিয়েছেন, সেখানেই তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

২১ আগস্টের গ্রেনেড হামলায় প্রচণ্ড শব্দে শেখ হাসিনার কানের মারাত্মক ক্ষতি হলে তিনি যুক্তরাষ্ট্রে চিকিৎসা নেন।