২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরগাছা দালালদের দিয়ে দেশ চলবে না: খালেদা

চলতি মাসের মধ্যে জরুরি অবস্থা প্রত্যাহার এবং আগামী অক্টোবরের মধ্যে জাতীয় নির্বাচন চেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বর্তমান সরকার 'জবরদস্তি' করে ক্ষমতায় রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। সরকারের বিরুদ্ধে দুর্নীতিবাজদের প্রশ্রয় দেওয়ার অভিযোগ এনে কারাবন্দি বিএনপি প্রধান বলেছেন, পরগাছা দালালদের দিয়ে দেশ চালানো যাবে না। বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রধান রাজনৈতিক প্রতিবেদক সুমন মাহমুদ। (আরও তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2008, 08:19 AM

Updated : 26 Aug 2022, 01:55 PM

সুমন মাহমুদ প্রধান রাজনৈতিক প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি মাসের মধ্যে জরুরি অবস্থা প্রত্যাহার এবং আগামী অক্টোবরের মধ্যে জাতীয় নির্বাচন চেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বর্তমান সরকার 'জবরদস্তি' করে ক্ষমতায় রয়েছে বলে মন্তব্য করে তিনি বলেছেন, তারা দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে। সরকারের বিরুদ্ধে দুর্নীতিবাজদের প্রশ্রয় দেওয়ার অভিযোগ এনে কারাবন্দি এ সাবেক প্রধানমন্ত্রী বলেছেন, পরগাছা দালালদের দিয়ে দেশ চালানো যাবে না। বর্তমান পরিস্থিতিতে দলীয় ঐক্য ধরে রাখতে নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপি প্রধান। পাশাপাশি সব রাজনৈতিক দলকেও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ ভিত্তিহীন দাবি করে মামলার বিচার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন খালেদা জিয়া। নাইকো মামলার অভিযোগ গঠনের শুনানিতে খালেদা জিয়াকে রোববার সংসদ ভবনের আদালতে হাজির করা হয়। গত বছরের ৩ সেপ্টেম্বর গ্রেপ্তার শেষে কারাগারে নেওয়ার পর এই প্রথম তাকে কোনও আদালতে হাজির করা হল। খালেদার বিরুদ্ধে দায়ের করা নাইকো মামলায় সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালত-৯ এ রোববার অভিযোগ গঠনের শুনানি শুরু হয় সকাল সাড়ে ১১টার দিকে। এর ১৫ মিনিট আগে সংসদ ভবন এলাকার বিশেষ কারাগার থেকে খালেদা জিয়াকে আদালতে হাজির করা হয়। ক্রিম রঙের শাড়ি পরা খালেদা জিয়া আদালতে ঢুকেই চশমা খুলে হাসিমুখে সবার উদ্দেশে সালাম দেন। আইনজীবীরা দাঁড়িয়ে সালাম জানায় সাবেক প্রধানমন্ত্রীকে। তিনি কাঠগড়ায় দাঁড়ানো ব্যারিস্টার মওদুদ আহমেদসহ অন্য আসামিদের সঙ্গে কুশল বিনিময় করেন। রোববার শুনানি শেষে বিচারক খোন্দকার কামাল উজ্জামান আগামী ৮ জুন শুনানির পরবর্তী দিন ধার্য করেন। এর আগে বিচারকের অনুমতি নিয়ে কিছু সময় আদালতে দাঁড়িয়ে কথা বলেন খালেদা জিয়া। ১৫ মিনিট স্থায়ী বক্তব্যে তিনি সরকার, দেশের বর্তমান পরিস্থিতি, ১১ জানুয়ারি ও মামলার বিষয়ে খোলামেলা কথা বলেন। বক্তব্যের ফাঁকে বিচারক তিন দফা সাবেক প্রধানমন্ত্রীকে মামলার বিষয়ে কথা বলতে বলেন। বিএনপি চেয়ারপারসন তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা-বানোয়াট দাবি করে বলেন, উদ্দেশ্যমূলকভাবে এ মামলা দায়ের করা হয়েছে। তিনি এ মামলা তুলে নেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। তার বিরুদ্ধে সবগুলো মামলাকে তিনি ভিত্তিহীন বলে দাবি করেন। বিশেষ আদালতে মামলার বিচার প্রক্রিয়াকে 'ক্যামেরা ট্রায়াল' আখ্যায়িত করেন খালেদা জিয়া। পাশাপাশি মামলাগুলো জরুরি বিধিমালায় অন্তর্ভুক্তিরও নিন্দা জানান তিনি। তিনি বলেন, "জরুরি বিধিতে মামলা করা হচ্ছে রাজনীতিবিদদের হয়রানি করার জন্য।" প্রচলিত আদালতে মামলার বিচার দাবি করে খালেদা জিয়া বলেন, "আমি কোনও অন্যায় করিনি; দেশের জন্য কাজ করেছি। আমি ন্যায় ও সুবিচার চাই। আমাদের নিরাপত্তার প্রয়োজন নেই। উন্মুক্ত আদালতে বিচারের ব্যবস্থা করুন। এতে যে রায় হবে, তা গ্রহণ করতে আমি প্রস্তুত।" একইসঙ্গে তিনি বলেন, "আমি ৯ বছর রাজপথে আন্দোলন করেছি; ৯ মাস কারাগারে আছি। সুতরাং মামলা দিয়ে আমাদের বশ করা যাবে না। আমাদের মাইনাস করতে চেয়েছিল। তা করতে পারেনি তারা।" বিএনপি চেয়ারপারসন জুনের মধ্যে জরুরি অবস্থা প্রত্যাহার করে অক্টোবরের মধ্যে নির্বাচন দাবি করে বলেন, "নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।" সবার আগে সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে তিনি বলেন, "সংসদ নির্বাচন সবার আগে করতে হবে। আর কোনও নির্বাচন করার এখতিয়ার এ সরকারের নেই।" দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএনপি প্রধান বলেন, "বর্তমান অবস্থায় দেশের সব রাজনৈতিক দলকেও ঐক্যবদ্ধ হতে হবে।" বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সমালোচনা করে খালেদা জিয়া বলেন, "এ সরকার ১৮ মাসে দেশকে ২০ বছর পিছিয়ে নিয়ে গেছে। তারা বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করছে। এ জন্য তাদের জবাবদিহি করতে হবে।" তিনি বলেন, "বর্তমান সরকার জবরদস্তি করে ক্ষমতায় টিকে আছে। কিন্তু মনে রাখতে হবে, কারও ক্ষমতাই চিরস্থায়ী নয়। এ সরকারের পরিণতি যে কী হবে, তা আল্লাহই জানে।" দেশের বর্তমান অবস্থার কথা উল্লেখ করে সাবেক এ প্রধানমন্ত্রী বলেন, "আমরা দেশের জন্য কাজ করেছি। আমাদের সময়ে দেশের অনেক উন্নয়ন হয়েছিল। অথচ আজ দেশের অবস্থা কোথায় দাঁড়িয়েছে? দ্রব্যমূল্য মানুষের নাগালের বাইরে; মানুষ মারা যাচ্ছে না খেয়ে; এর সমাধানে সরকারের কার্যক্রম নেই। এভাবে মানুষের মৃত্যুর জন্য সরকারের বিচার হওয়া উচিৎ। অথচ সরকার ব্যস্ত রাজনীতিবিদদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার কাজে।" চালের দাম বৃদ্ধির উদাহরণ টেনে বিএনপি চেয়ারপারসন বলেন, "ছোট-ছোট ছেলে-মেয়েদের আজ স্কুল বাদ দিয়ে চালের জন্য লাইনে দাঁড়াতে হচ্ছে। পানির জন্য লাইন, গ্যাসের জন্য লাইন ধরছে মানুষ। দেশটাকে তারা কোথায় নিয়ে গেছে।" দেশের শ্রমবাজার সঙ্কুচিত হয়ে এসেছে দাবি করে এতে উদ্বেগ প্রকাশ করে সাবেক প্রধানমন্ত্রী বলেন, "মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশের আমাদের শ্রম বাজার আজ হারিয়ে ফেলতে বসেছি। ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে গেছে। অর্থনীতি শেষ।" বিএনপি ক্ষমতায় থাকাকালে বিচার বিভাগ নিয়ন্ত্রণমুক্ত ছিল দাবি করে খালেদা জিয়া বলেন, "আমাদের সময় বিচার বিভাগ স্বাধীন ছিল, কিন্তু আজ বিচার বিভাগ স্বাধীন নয়। জজ সাহেবকে যা বলে দেওয়া হয়, তাই তাকে করতে হচ্ছে।" এ পর্যায়ে আদালতের উদ্দেশে তিনি বলেন, "আপনার কাছে আমি স্বাধীন ও সুবিচার প্রার্থনা করছি।" 'ওয়ান-ইলেভেন' একটি ষড়যন্ত্রের অংশ ছিল বলেও দাবি করে বিএনপি প্রধান বলেন, "সরকার বলে, ১/১১; আসলে আমি বলব ১১/১। এটা ষড়যন্ত্র করার জন্য ঘটানো হয়েছে।" তিনি বলেন, "যা কিছুই হোক না কেন, তা সংসদের মাধ্যমে করতে হবে।'' কারাগারে তার সঙ্গে দেখা করতে আইনজীবীদের বাধা দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন খালেদা জিয়া। তবে আদালতকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য তিনি বিচারকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সকাল ১১টা ২০ মিনিটে আদালতের বিচারক খন্দকার কামাল উজ্জামান এজলাসে বসেন। খালেদা জিয়াসহ মামলার অপর আসামিরা কাঠগড়ায় ছিলেন। খালেদা জিয়াকে বসতে একটি চেয়ার দেওয়া হয়। ওই সময় এজলাস ঘিরে ছিলেন মহিলা পুলিশ সদস্যরা। আদালতের কার্যক্রমের শুরুতেই খালেদা জিয়ার আইনজীবী ও বিএনপি নেতা খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, "মামলার নথিপত্র আমরা এখনও পাইনি। এ অবস্থায় মামলার কার্যক্রম শুরু হতে পারে না।" এ সময় খালেদার অপর আইনজীবী খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ ও আব্দুর রেজ্জাক খানও বক্তব্য রাখেন। এক পর্যায়ে আদালতে অনুমতি নিয়ে মামলার বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন মামলার অন্যতম আসামি সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ। তিনি বলেন, "আমার ৪২ বছরের আইন পেশায় এরকম মামলা দেখিনি। নাইকো মামলাটি কাল্পনিক ও স্বপ্নের মামলা। ৭০০ কোটি টাকার নাইকো প্রকল্পের মামলা হয়েছে ২৭ হাজার কোটি টাকার। নাইকো কাজ দেওয়া রাষ্ট্রের বিরুদ্ধে হলে কেন সেই চুক্তি বাতিল করছে না সরকার।" চলমান দুর্নীতিবিরোধী অভিযানকে 'প্রহসন' অখ্যায়িত করে সাবেক আইনমন্ত্রী বলেন, "রাজনীতিবিদদের অপমানিত করতেই এটা করা হচ্ছে।" পরে আদালত আগামী ৮ জুন অভিযোগ গঠনের শুনানির পরবর্তী দিন ধার্য করেন এবং মামলার নথিও আসামিদের দেওয়ার নির্দেশ দেন। এ সময় খালেদা জিয়া আইনজীবীদের সঙ্গে কিছু সময় কথা বলার অনুমতি চাইলে তা দেওয়া হয়। প্রায় ৪০ মিনিট অ্যাডভোকেট খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ, খোন্দকার দেলোয়ার হোসেন, সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুদকার, ব্যারিস্টার নওশাদ জমির, রিজভী আহমেদ ও খোরশেদ আলম-এ ৭ আইনজীবীর সঙ্গে কথা বলার পর দুপুর পৌনে ২টার দিকে খালেদা জিয়াকে পুনরায় বিশেষ কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। আদালতে খালেদা জিয়ার পক্ষে উপস্থিত শতাধিক আইনজীবীদের মধ্যে ছিলেন, নিতাই রায় চৌধুরী, জয়নাল আবেদীন, লুৎফে আলম, সেলিম রেজা হাবিব, মাহবুবউদ্দিন খোকন, নওশাদ জমির, নাসিরউদ্দিন আহমেদ অসীম, আহমেদ আজম খান, ফেরদৌস আখতার ওয়াহিদ, শামসুর রহমান শিমুল বিশ্বাস, রুহুল কুদ্দুস কাজল, ফাতেমা আনোয়ার, রিজভী আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন, অ্যাডভোকেট আনিসুল হক, মোশাররফ হোসেন কাজল প্রমুখ। খালেদা জিয়াকে আদালতে হাজির করার খবরে রোববার সকাল থেকেই সংসদ ভবনের পূর্ব দিকে মনিপুরী পাড়া এলাকায় জড়ো হয় বিএনপির নেতা-কর্মীরা। একই দিন অপর একটি মামলায় শেখ হাসিনার হাজিরা থাকায় আওয়ামী লীগ নেতা-কর্মীরাও ছিলো সেখানে। তবে সকাল ৯টার দিকে পুলিশ খামারবাড়ি-বিজয় স্মরণি সড়কটি বন্ধ করে দেয়। দুপুর ১টা পর্যন্ত ওই সড়কে গাড়ি কিংবা সাধারণ মানুষের চলাচলও বন্ধ ছিল। পুলিশি বাধায় ঢুকতে না পেরে আওয়ামী লীগ নেতা-কর্মীরা মানিক মিয়া এভিনিউয়ের পূর্ব মাথার গোলচত্বরে অবস্থান নেন। বিএনপি নেতা-কর্মীরা ছিলেন খামার বাড়ির পাশের রাস্তায়। দুপুর পর্যন্ত তারা ওই দুটি স্থানেই বসে থাকেন। ২৬ মে সাবেক দুই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো সংক্রান্ত একই অভিযোগে দায়ের করা মামলা দুটি বিশেষ জজ আদালতে ওঠে। সেদিন শেখ হাসিনাকে হাজির করা হলেও স্বাস্থ্যগত কারণ দেখিয়ে খালেদা জিয়াকে আদালতে হাজির করা হয়নি। ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে বিদেশি কোম্পানি নাইকোর হাতে 'তুলে দেওয়ার' অভিযোগে খালেদার বিরুদ্ধে দায়ের করা মামলায় গত ৫ মে আদালতে অভিযোগপত্র দেয় দুর্নীতি দমন কমিশন। আর হাসিনার বিরুদ্ধে একই অভিযোগের মামলায় অভিযোগপত্র দেওয়া হয় গত ৭ মে। দুই মামলায় মোট ২০ জনকে আসামি করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন গত বছর ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় এ দুটি মামলা দায়ের করে। খালেদার বিরুদ্ধে মামলাটি করেন কমিশনের উপ-পরিচালক মাহবুবুল আলম। আর হাসিনার বিরুদ্ধে মামলা করেন উপ-পরিচালক এম এম শাব্বির হাসান। আলাদা মামলা হলেও ওই তিনটি গ্যসক্ষেত্র হস্তগত করতে কানাডার কোম্পানি নাইকোর অভিযুক্ত কর্মকাণ্ডের ব্যাপ্তি গড়ায় ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার ও এরপর ক্ষমতায় আসা চারদলীয় জোট সরকার পর্যন্ত। মামলা দুটির অভিযোগে বলা হয়, উত্তোলনযোগ্য গ্যাসের মজুদ থাকা সত্ত্বেও সাবেক দুই প্রধানমন্ত্রী ছাতক, কামতা ও ফেনী গ্যাসক্ষেত্রকে পরিত্যক্ত ঘোষণা করে নাইকোর হাতে তুলে দেন। পরে মামলা দুটি জরুরি বিধিমালায় অন্তর্ভুক্ত করে সরকার। খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, মামলার ১১ আসামি পরস্পরের যোগসাজশে নাইকোর সঙ্গে চুক্তি করায় সরকারের ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি হয়েছে। এ মামলায় অভিযোগপত্রভুক্ত অন্য আসামিরা হলেন- সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব কামালউদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সিএম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান, ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন, ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভূঁইয়া ও নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ। এদের মধ্যে ড. কামাল উদ্দিন সিদ্দিকী, সিএম ইউসুফ ও কাশেম শরীফ পলাতক রয়েছেন। আর খালেদা জিয়াসহ বাকিরা কারাগারে আছেন। খালেদা জিয়াকে গত বছরের ৩ সেপ্টেম্বর শহীদ মইনুল সড়কের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। একইসঙ্গে তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকেও সেদিন গ্রেপ্তার করা হয়। খালেদার বড় ছেলে তারেক রহমানকে গ্রেপ্তার করা হয় এর আগেই। সংসদ ভবন প্রাঙ্গণের একটি বাড়িকে বিশেষ কারাগার ঘোষণা করে গ্রেপ্তারের পর থেকে খালেদাকে সেখানে রাখা হয়েছে। তার পাশের আরেকটি বিশেষ কারাগারে রয়েছেন শেখ হাসিনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসএম/এমআই/১৬৩৮ ঘ.