ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'ভেজাল ও নীতিবিচ্যুতদের' দল থেকে বিদায় করে 'সাচ্চা' নেতাকর্মীদের নিয়ে এগিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার রাজধানীর আইডিইবি মিলনায়তনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
রাজনৈতিক ক্ষেত্রে সবার জন্যে সমান সুযোগ তৈরি ও দ্রুত নির্বাচন দিতে সরকারের প্রতি দাবি জানান খোন্দকার দেলোয়ার। "সারাদেশ এখন কারাগারে পরিণত হয়েছে"- অভিযোগ তুলে তিনি বলেন, দেশকে পেছনের দিকে ঠেলে দিয়ে শাসকরা ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে।
খালেদা-হাসিনার অংশগ্রহণে অর্থবহ, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন দাবি করে সরকারের উদ্দেশে তিনি বলেন, "দ্রুত নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহণ করুন। সবার জন্যে, সব দলের জন্যে সমান সুযোগ তৈরি করুন। জনগণের সমস্যা সমাধানে যখন ব্যর্থ হচ্ছেন তখন নির্বাচন দিয়ে দ্রুত ক্ষমতা হস্তান্তর করুন।"
বিএনপি মহাসচিব বলেন, "দেশ এখন কারাগারে পরিণত হয়েছে। দুর্ভিক্ষাবস্থা চলছে। মূল্যস্ফীতির কারণে মানুষ জীবনধারণ করতে পারছে না। এ অবস্থায় দেশকে 'ব্যাক গিয়ারে' ঠেলে দিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা চলছে। সুপ্রিম কোর্টের হাত-পা বেঁধে রাখা হয়েছে।"
২০০৭ এর ১১ জানুয়ারি ষড়যন্ত্র হয়েছিল অভিযোগ করে তিনি বলেন, "এসবের উদ্দেশ্য একটাই- পাতানো নির্বাচন করার বাসনায় শীর্ষনেত্রীদের নির্বাচনে অযোগ্য ঘোষণা।"
যৌথবাহিনীর গ্রেপ্তার অভিযানের সমালোচনা করে খোন্দকার দেলোয়ার বলেন, "বিএনপি'র শতাধিক নেতকর্মীকে সন্ত্রাসী অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। আরো তালিকা হচ্ছে শুনছি।"
জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম খানের সভাপতিত্বে সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আ স ম হান্নান শাহ, যুগ্ম মহাসচিব সেলিমা রহমান, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, সাবেক সাংসদ শামসুজ্জামান দুদু, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।
অনুষ্ঠানে হান্নান শাহ বলেন, "জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে একটি মহল তৎপর। তারা 'পেইড এজন্ট' হিসেবে কাজ করছে। তাদের একজন এখন দেশের বাইরে, একজন জেলে, অন্যরা 'ইয়া নফসি নফসি' করছেন।"
মহাসচিবের উদ্দেশে আন্দোলন কর্মসূচি ঘোষণার আহ্বান জানিয়ে তিনি বলেন, "কাজ দেন, আমাদের বেকার রাইখেন না।"
নজরুল ইসলাম খান বলেন, "আমরা সংলাপ চাই, নির্বাচনও চাই। এরচেয়েও বেশি করে চাই- সংলাপ সফল হোক, নির্বাচন গ্রহণযোগ্য হোক। এজন্যে নেত্রীকে আমাদের পাশে চাই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএনডি/এমএইচবি/২১০৩ ঘ.
bdnews24