২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যক্তিবিশেষের জন্য গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি উচিত নয়: অলি

ব্যক্তিবিশেষের দোহাই দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথে বাধা সৃষ্টি করা উচিত হবে না বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2008, 02:48 PM

Updated : 26 Aug 2022, 01:55 PM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যক্তিবিশেষের দোহাই দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথে বাধা সৃষ্টি করা উচিত হবে না বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। কারাবন্দি খালেদা জিয়া ও শেখ হাসিনা নিজেদের দল বিএনপি ও আওয়ামী লীগকে সংলাপ ও নির্বচানে অংশ নেয়ার অনুমতি দিয়ে জনগণকে অনিশ্চয়তা থেকে মুক্তি দেবেন বলেও আশা প্রকাশ করেছেন তিনি। শনিবার বিকেলে রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে মহানগর এলডিপি'র এক কর্মী সভায় তিনি এ কথা বলেন। অলি বলেন, "আমরা মনে করি, দুই নেত্রী বাস্তবতা ও অভিজ্ঞতার আলোকে নিজ নিজ দলকে সংলাপ ও নির্বাচনে অংশ গ্রহণের অনুমতি দেবেন; জনগণকে অনিশ্চয়তার হাত থেকে রক্ষা পাওয়ার ব্যাপারে সাহায্য করবেন।" তিনি বলেন, "কোনো ব্যক্তি বিশেষের দোহাই দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বাধা সৃষ্টি করা উচিত হবে না। আগামীতে গণতন্ত্র ব্যাহত হলে রাজনীতিবিদদের মাসুল দিতে হবে।" বর্তমান সরকারের সময় রাজনৈতিক নেতারা কারাগার থেকে মুক্তি পাবে এমন আশা করাও উচিত হবে না বলে মন্তব্য করেন অলি। সরকারের উদ্দেশে তিনি বলেন, নির্বাচন নিয়ে জনমনে সন্দেহের সৃষ্টি হয়েছে। এ কারণে এখনই নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা উচিত। অলি বলেন, "নিয়ন্ত্রিত গণতন্ত্রের মাধ্যমে এবং অগ্রিম তালিকা প্রস্তুত করে পছন্দনীয় ব্যক্তিদের নির্বাচিত করা সম্ভব নয়। এ দেশের মানুষ অত্যন্ত সচেতন। তাদের কাছে কিছুই গোপন করা যাবে না।" এলডিপি সভাপতি বলেন, "আগামীতে সংবিধান সংশোধনীর মাধ্যমে অনেকগুলো আইন যুগোপযোগী করতে হবে। এ জন্য প্রয়োজনে আইন কমিশন গঠন করতে হবে।" রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনার পক্ষেও মত দেন তিনি। কর্মী সভায় অন্যান্যের মধ্যে দলের মহাসচিব অধ্যাপিকা জাহানারা বেগম, সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল করীম আব্বাসী, সৈয়দ দিদার বখত, যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, কেন্দ্রীয় নেতা মোড়ল আমজাদ হোসেন, ডা. বাচ্চু শিকদার, অ্যাডভোকেট স্বপন সরকার, ডা. হাসমত আলী প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/এমএইচবি/২০৩৮ ঘ.