ফেনী, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ নির্বাচনের আগে লাখ দেড়েক খারাপ লোককে আটক করতে পারলে নির্বাচন সুষ্ঠু হবে বলে মনে করেন প্রগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টির (পিডিবি) আহ্বায়ক ফেরদৌস আহমদ কোরেশী।
তিনি বলেছেন, "নির্বাচনের আগে লাখ দেড়েক খারাপ লোককে ধরে ফেলতে হবে এবং ভাল খাবার খাওয়াতে হবে। ভোটের পর আবার ওদের ছেড়ে দিতে হবে। তবেই আমরা খুব সুন্দর একটা নির্বাচন পাব।"
বৃহস্পতিবার বিকেলে নিজের জেলা ফেনীতে দৈনিক দেশবাংলার স্থানীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় ফেরদৌস আহমদ কোরেশী এ কথা বলেন।
তিনি মনে করেন আওয়ামী লীগ ও বিএনপিসহ সব দলই শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেবে।
কোরেশী বলেন, "আমাদের যথেষ্ট শিক্ষা হয়েছে। নির্বাচন বর্জনের দিকে গেলে আমাদের বড় ক্ষতি হয়ে যাবে। দেশের মানুষ নির্বাচন চাচ্ছে। জরুরি অবস্থার মধ্যেই নির্বাচন করতে হবে।"
তবে নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনার স্বার্থে তা শিথিল করা উচিত বলে মনে করেন তিনি।
তিনি বলেন, সংসদীয় এলাকাগুলোর নতুন আসন বিন্যাস প্রয়োজন। তবে তা হতে হবে স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতে।
আগে উপজেলা নির্বাচন হয়ে গেলেই ভাল হবে বলে কোরেশী মত ব্যক্ত করেন।
আইন শৃৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে তিনি বলেন, "কিছু কিছু ক্ষেত্রে খারাপ লক্ষণ দেখা যাচ্ছে। এ ব্যাপারে সরকারকে কঠোর ভূমিকা নিতে হবে।"
এর আগে কোরেশী জেলার দাগনভূঞাঁ ও সোনাগাজীসহ বিভিন্ন এলাকায় বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন পিডিবি নেতা অ্যাডভোকেট গোলাম কিবরিয়া, আমির হোসেন, জাহিদ হোসেন খসরু, খোরশেদ আলম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/জিএনএ/১৯২৩ ঘ.
bdnews24