ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক দলগুলোর পাশাপাশি নাগরিক সমাজের সঙ্গেও সংলাপে বসছে সরকার।
সে সংলাপের সময়সূচি নির্ধারণসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে বুধবার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবেন সংলাপের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা।
শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে সংলাপের দায়িত্বপ্রাপ্ত চার উপদেষ্টা বৈঠক করেন। আইন উপদেষ্টার দপ্তরে অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফ, যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের, স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল ও শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।
বৈঠক শেষে হোসেন জিল্লুর সাংবাদিকদের বলেন, "নাগরিক সমাজের সঙ্গে সমান্তরাল সংলাপ হবে। এ জন্য আমরা আগামীকাল (বুধবার) ব্যবসায়ীদের ডেকেছি। ওই বৈঠকে নাগরিক সমাজের সঙ্গে যে সংলাপ হবে তার সময়সূচি নির্ধারণ করা হবে।"
তিনি জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের অংশ হিসাবে ২৯ মে সকালে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সঙ্গে বৈঠক হবে। এরপর বিরতি দিয়ে ২ জুন থেকে আবার সংলাপ শুরু হবে।
এদিকে মঙ্গলবার সকালে এইচএসসি পরীক্ষা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিক্ষা উপদেষ্টা জানান, বড় দুটি রাজনৈতিক দলকে সংলাপে আনার বিষয়ে সরকারের ওপর কোনও চাপ নেই।
দুই দলকে সংলাপে আনতে সরকারের ওপর কোনও চাপ দেওয়া হচ্ছে কিনা- এ প্রশ্নে হোসেন জিল্লুর রহমান বলেন, "চাপের বিষয়টি আপনারাই জানালেন। আমাদের কাছে এ ধরনের কোনও বিষয় নেই।"
দুই নেত্রীকে সংলাপে উপস্থিত করার কোনও ব্যবস্থা সরকার করছে কিনা- জানতে চাইলে তা এড়িয়ে গিয়ে তিনি বলেন, "সবার যেসব প্রয়োজন উত্থাপিত হয়েছে, তা বিবেচনায় রয়েছে।"
সংলাপ সফল করতে সরকারের পক্ষ থেকে আন্তরিকভবে চেষ্টা চালানো হচ্ছে জানিয়ে হোসেন জিল্লুর বলেন, "সংলাপ কেবল সরকারের নিজস্ব উদ্যোগ নয়। এটা জাতির আকাক্সক্ষার প্রতিফলন। এতে শুধু সরকার নয়; রাজনৈতিক দল, গণমাধ্যমেরও ভূমিকা রাখতে হবে।"
তিনি বলেন, "জনগণের প্রতি শ্রদ্ধাশীল বলেই আমরা সংলাপের উদ্যোগ নিয়েছি। জাতি সংলাপের মাধ্যমে সমস্যা চিহ্নিত করে এর সমাধান করে এগিয়ে যেতে চায়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এমইউএ/এমএআর/এমআই/জিএনএ/১৪৪২ ঘ.
bdnews24