ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাব্বির হত্যা ধামাচাপায় ঘুষ নেওয়ার মামলায় আগামী ২ জুন পর্যন্ত নিম্ন আদালতে তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন না করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তবে এ সময়ে তারেকের ব্যক্তিগত হাজিরাসহ মামলার কার্যক্রম চলবে।
মামলাটি খারিজে তারেকের আবেদনের ওপর শুনানিতে সোমবার বিচারপতি শরীফউদ্দিন চাকলাদার ও বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের হাইকোর্ট বেঞ্চে সময়ের আবেদন জানান দুর্নীতি দমন কমিশনের আইনজীবী আনিসুল হক। তখন আদালত ২ জুন পর্যন্ত শুনানি মুলতবি করেন।
একই সঙ্গে অ্যাডভোকেট আনিসুল হকের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আদালত ২ জুন পর্যন্ত এ মামলায় তারেকের বিরুদ্ধে অভিযোগ গঠন না করার নির্দেশ দেয়।
তবে তারেকের আইনজীবীরা মামলার কার্যক্রম ওই সময় পর্যন্ত স্থগিত রাখার আবেদন জানালেও আদালত তা মঞ্জুর করেনি।
দুর্নীতি দমন কমিশনের দায়ের করা এ মামলা বাতিলে রোববার হাইকোর্টে আবেদন করেন তারেক রহমান।
সোমবার শুনানিতে তারেকের কৌঁসুলী ব্যারিস্টার রফিক উল হক বলেন, এ মামলায় তারেকের বিরুদ্ধে ঘুষ গ্রহণের যে অভিযোগ করা হয়েছে তা অসঙ্গতিপূর্ণ। তাছাড়া তারেক কোনও সরকারি কর্মকর্তা ছিলেন না। তাই তার বিরুদ্ধে ঘুষের অভিযোগ আনা যায় না। এ মামলার এজাহারে তারেকের নাম ছিল না। পরে অভিযোগপত্রে তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিশনের পক্ষে আনিসুল হক হাইকোর্টের একটি মামলার নজির তুলে বলেন, অভিযোগ গঠনের শুনানির আগে মামলা বাতিলের আবেদন গ্রহণ করা যাবে না। তাই তারেকের এ আবেদনটি এ পর্যায়ে গ্রহণ করা যায় না।
আনিসুল হক আবেদনটির ওপর শুনানির জন্য সময় প্রার্থনা করলে আদালত বলেন, মঙ্গলবার এ মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য নিু আদালতে দিন ধার্য আছে। তাই এই আবেদনের শুনানি না হওয়া পর্যন্ত নিু আদালত অভিযোগ গঠন করবে না বলে আশ্বস্ত করতে হবে।
তখন আনিসুল হক মঙ্গলবার এ মামলায় অভিযোগ গঠন করা হবে না বলে হাইকোর্টকে আশ্বস্ত করেন।
বসুন্ধরা গ্র"পের পরিচালক সাব্বির হত্যায় বসুন্ধরা গ্র"পের চেয়ারম্যানের ছেলের সংশ্লিষ্টতা ধামাচাপা দিতে ২১ কোটি টাকা ঘুষ নেওয়ার মামলায় তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ আট জনের বিরুদ্ধে গত ৬ মে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করে দুর্নীতি দমন কমিশন।
গত বছরের ৪ অক্টোবর রমনা থানায় লুৎফুজ্জামান বাবর, বসুন্ধরার চেয়ারম্যান আহমদ আকবর সোবহান শাহ ্আলমসহ ছয় জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন কমিশনের উপ-সহকারী পরিচালক মো. আবুল কাশেম। ২০০৬ সালের ৪ জুলাই রাতে সাব্বিরকে হত্যা করা হয়। হত্যার তিন দিন পর গুলশান থানায় মামলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/১৬১২ ঘ.
bdnews24