ঢাকা, মে, ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--আপিল বিভাগের দ্বিতীয় জ্যেষ্ঠ বিচারপতি এমএম রুহুল আমীনকে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদ অনুযায়ী দেশের ১৬তম প্রধান বিচারপতি নিয়োগ দেন। আগামী ১ জুন থেকে এমএম রুহুল আমীন প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব মো. সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়ে বলেন, "আজ (রোববার) রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ প্রধান বিচারপতি পদে এমএম রুহুল আমীনের নিয়োগ সংক্রান্ত ফাইলে স্বাক্ষর করেছেন।"
বর্তমান প্রধান বিচারপতি মো.রুহুল আমীন আগামী ৩১ মে অবসরে যাবেন।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার ইকতেদার আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগামী ১ জুন সকাল সাড়ে দশটায় রাষ্ট্রপতি নবনিযুক্ত প্রধান বিচারপতি এমএম রুহুল আমীনকে শপথ বাক্য পাঠ করাবেন। এরপর তিনি দায়িত্ব গ্রহণ করবেন।
প্রধান বিচারপতি এমএম রুহুল আমীন ১৯৪২ সালের ২৩ ডিসেম্বর লক্ষীপুর জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৯৪ সালের ১০ ফেব্রুয়ারি তিনি হাইকোর্টের অস্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। ১৯৯৬ সালের ৮ ফেব্র"য়ারী নিয়োগ পান স্থায়ী বিচারপতি হিসেবে।
২০০৩ সালের ১৩ জুলাই এমএম রুহুল আমীন আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিযুক্ত হন। আগামী ২০০৯ সালের ২৩ ডিসেম্বর মাসে তিনি অবসরে যাবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএইচডি-ইএইচবি/আরএ/এমএ/১৬০০ঘ.
bdnews24