২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সময় হলেই আন্দোলন: জিল্লুর

শেখ হাসিনাকে মুক্ত করতে নেতা-কর্মীদের প্রস্তত থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান বলেছেন, সময় হলেই আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। কারাবন্দি আওয়ামী লীগ সভানেত্রীর মুক্তি ও আরোগ্য কামনায় শুক্রবার এক দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। ঢাকাস্থ টুঙ্গীপাড়াবাসীর উদ্যোগে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ওই দোয়া মাহফিল হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2008, 12:42 PM

Updated : 26 Aug 2022, 01:53 PM

ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনাকে মুক্ত করতে নেতা-কর্মীদের প্রস্তত থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান বলেছেন, সময় হলেই আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। কারাবন্দি আওয়ামী লীগ সভানেত্রীর মুক্তি ও আরোগ্য কামনায় শুক্রবার এক দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। ঢাকাস্থ টুঙ্গীপাড়াবাসীর উদ্যোগে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ওই দোয়া মাহফিল হয়। মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জিল্লুর রহমান বলেন, "শেখ হাসিনার মুক্তির জন্য আওয়ামী লীগের সব নেতা-কর্মী আজ ঐক্যবদ্ধ। শেখ হাসিনার অনুপস্থিতিতে সংলাপ সফল হবে না বলেও সবাই একমত।" তিনি অভিযোগ করেন, "তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চায়। এ জন্য একের পর এক মামলা দেওয়া হচ্ছে।" জিল্লুর আরও বলেন, "তত্ত্বাবধায়ক সরকারের কাজ হলো নির্বাচন অনুষ্ঠান করা। সনদ করার কোনও অধিকার তাদের নেই।" মাহফিলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেন, "চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত হওয়ায় ধীরে ধীরে শেখ হাসিনার চোখ ও কান নষ্ট হয়ে যাচ্ছে। এর দায়দায়িত্ব কে নেবে ?" তিনি অভিযোগ করেন, "যারা গত পাঁচ বছর বিদেশে টাকা পাচার করেছে, সংখ্যালঘুসহ আওয়ামী লীগের ২৬ হাজার নেতা-কর্মীকে হত্যা করেছে তাদের ব্যাপারে সরকার নীরব রয়েছে।" আমু বলেন, "যে দেশে নিজামী আর মুজাহিদ মন্ত্রী হয় সে দেশে শেখ হাসিনা গ্রেপ্তার হলে আশ্চর্য হওয়ার কিছু নেই। তবে, আমরা উদ্বিগ্ন।" দলের যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল বোস বলেন, "দোয়া মাহফিল আর আলোচনা সভা করে শেখ হাসিনাকে মুক্ত করা যাবে না। এ জন্য রাজপথে আন্দোলন করতে হবে। আওয়ামী লীগের সামনে এ ছাড়া আরও কোনও পথ খোলা নেই।" তিনি বলেন, "দুর্নীতির মামলা দিয়ে শেখ হাসিনার জনপ্রিয়তা কমানো যাবে না।" আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে বলে মুকুল বোস জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৭৩৮ ঘ.