২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অক্টোবরে উপজেলা ও ডিসেম্বরের শেষ সপ্তাহে জাতীয় নির্বাচন চায় বিকল্পধারা

আগামী অক্টোবরে উপজেলা নির্বাচন এবং ডিসেম্বরের শেষ সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন চায় বিকল্পধারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2008, 12:43 PM

Updated : 26 Aug 2022, 01:52 PM

ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী অক্টোবরে উপজেলা নির্বাচন এবং ডিসেম্বরের শেষ সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন চায় বিকল্পধারা। সরকারের সঙ্গে সংলাপে এ প্রস্তাব দেওয়া হবে বলে দলটির সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী মঙ্গলবার রাজধানীর কেসি মেমোরিয়াল ক্লিনিকে রাজশাহীর বিভিন্ন দলের নেতাদের বিকল্পধারায় যোগদান অনুষ্ঠানে জানিয়েছেন। দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সংলাপে বিকল্পধারা অংশ নেবে বলে নেতা-কর্মীদের জানিয়েছেন বি চৌধুরী। সাবেক এ রাষ্ট্রপতি বলেছেন, "সংলাপে আমরা উপজেলা নির্বাচন অক্টোবরের মাঝামাঝি এবং সংসদ নির্বাচন ২৫ থেকে ২৯ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠানের প্রস্তাব করব। এছাড়া ছবিসহ ভোটার তালিকা প্রকাশের তারিখ এবং অবিলম্বে প্রশাসনের নিম্ন স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত দলীয় কর্মকর্তা-কর্মচারীদের পরিবর্তনের দাবিও জানাব।" বি চৌধুরী মন্তব্য করেন, "সংলাপে বসে লাভ না হলেও লোকসান হবে না।" শুধু রাজনৈতিক কারণে আটক ব্যক্তিদের মুক্তি দাবি করে তিনি বলেন, "বিচারে যারা দুর্নীতিবাজ হিসেবে সাজা পেয়েছে তাদের প্রতি আমাদের কোনও সহানুভূতি নেই। যারা নির্দোষ প্রমাণিত হবেন, তাদের সসম্মানে মুক্তি দেওয়া উচিৎ। যারা আইনের মাধ্যমে মুক্ত হয়ে আসবেন আমরা তাদের অভিনন্দন জানাব।" বিকল্পধারা প্রধান বলেন, "দেশের কমপক্ষে ১৮টি আসনে ৫০ থেকে ৬০ শতাংশ সংখ্যালঘু ভোটার থাকা সত্বেও বড় দলের দাবিদাররা ওই সব আসনে সংখ্যালঘু প্রার্থীদের মনোনয়ন দেয় না।" আগামী নির্বাচনে সংখ্যালঘুদের মধ্য থেকে প্রার্থী মনোনয়নের ঘোষণা বি চৌধুরী দিয়েছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৮৪৩ ঘ.