২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত আমির নিজামী গ্রেপ্তার

গ্যাটকো মামলার পরোয়ানাভুক্ত আসামি জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাত ১১টার দিকে পুলিশ নিজামীকে মগবাজারের বাড়ি থেকে গ্রেপ্তার করে গাড়িতে তোলে। এ সময় বাড়ির সামনে কয়েক শ' জামায়াত-শিবির কর্মী রাস্তায় জড়ো হয়ে স্লোগান দেয়। প্রবল বৃষ্টির মধ্যে নিজামীকে নিয়ে পুলিশের গাড়িবহর মগবাজার এলাকা অতিক্রম করে রামপুরার দিকে অগ্রসর হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2008, 05:25 PM

Updated : 26 Aug 2022, 01:51 PM

ঢাকা মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাটকো মামলার পরোয়ানাভুক্ত আসামি জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাত ১১টার দিকে পুলিশ নিজামীকে মগবাজারের বাড়ি থেকে গ্রেপ্তার করে গাড়িতে তোলে। এ সময় বাড়ির সামনে কয়েক শ' জামায়াত-শিবির কর্মী রাস্তায় জড়ো হয়ে স্লোগান দেয়। প্রবল বৃষ্টির মধ্যে নিজামীকে নিয়ে পুলিশের গাড়িবহর মগবাজার এলাকা অতিক্রম করে রামপুরার দিকে অগ্রসর হয়। নিজামীকে কোথায় নেওয়া হবে সে বিষয়ে পুলিশ কর্মকর্তারা কিছু বলছেন না। রাজধানীর মগবাজারের ওয়্যারলেস গেট এলাকায় নিজামীর বাড়ির সামনে থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক লিটন হায়দার জানান, রাত পৌনে ১০টায় রমনা জোনের উপকমিশনার আতিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ওই বাড়ির সামনে অবস্থান নেয়। রাত ১০টার দিকে নিজামীর বাড়িতে ঢুকে পড়ে তারা। গ্রেপ্তারের পর গাড়িতে ওঠানোর সময় মতিউর রহমান নিজামী সাংবাদিকদের কাছে দাবি করেন, তিনি কোনো অন্যায় করেননি। প্রায় একই সময়ে এলিফ্যান্ট রোডে এম কে আনোয়ারের বাড়িতে অভিযান চালায় পুলিশের আরেকটি দল। তবে সাবেক এ মন্ত্রীকে বাসায় পাওয়া যায়নি বলে জানান রমনা জোনের সিনিয়র সহকারী পুলিশ সুপার হামিদা পারভীন। মামলার আরো দুই আসামি সাবেক সচিব জুলফিকার হায়দার চৌধুরীর মোহাম্মদপুরের বাসায় এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক সদস্য এ কে রশিদ উদ্দিন আহমেদের ধানমন্ডির বাসায়ও রাতে অভিযান চালানো হয়। তবে তারা কেউই বাসায় ছিলেন না বলে জানিয়েছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন। সাবেক জোট সরকারের মন্ত্রী এম কে আনোয়ার, এম শামসুল ইসলাম ও মতিউর রহমান নিজামী রোববার গ্যাটকো দুর্নীতি মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করলেও তাদের জামিন দেয়নি আদালত। হাইকোর্ট নিজামীর জামিন আবেদন খারিজ করে দিলে তিনি এই আদেশের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আপিল বিভাগের চেম্বার জজের কাছে আবেদন করেন। আগামী ২০ মে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হবে। এদিকে হাইকোর্ট নিজামীকে জামিন না দেওয়ায় এম কে আনোয়ার ও এম শামসুল ইসলাম তাদের আবেদন ফিরিয়ে নেন। পরে শামসুল ইসলাম আত্মসমর্পণ করলে আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়। একই মামলার আরেক আসামি সাবেক মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়াও রোববার আত্মসমর্পণ করেন। তাকেও কারাগারে পাঠানো হয়েছে। দুর্নীতির মাধ্যমে চট্টগ্রাম বন্দর ও কমলাপুরের কন্টেইনার ডিপো পরিচালনার দায়িত্ব গ্লোবাল অ্যগ্রো ট্রেড কোম্পানিকে (গ্যাটকো) দেওয়ার অভিযোগে গত বছর ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন তেজগাঁও থানায় এ মামলা দায়ের করে। কমিশন গত ১৩ মে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো ও মতিউর রহমান নিজামীসহ ২৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। ১৫ মে মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. আজিজুল হক গ্যাটকো দুর্নীতি মামলায় সাবেক মন্ত্রী এম সাইফুর রহমান, আবদুল মান্নান ভূঁইয়া, মতিউর রহমান নিজামী, এম কে আনোয়ার, এম শামসুল ইসলাম ও আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও তাদের সম্পত্তি জব্দের আদেশ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/এসএনডি/এমএইচবি/২৩৪৫ ঘ.