ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেখ হাসিনাকে মুক্তি দিয়ে সংলাপ ও নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দেয়ার দাবিতে আগামী ২০ মে প্রতিটি জেলা, উপজেলা ও থানায় প্রতীকী গণঅনশন কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। ঢাকা মহানগরীতে এই কর্মসূচি পালন করা হবে না, তবে একই দাবিতে পরে মানববন্ধন হবে।
বুধবার আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক শেষে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এ কর্মসূচি ঘোষণা করেন।
রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সকাল ১১টা থেকে বিকাল পৌনে পাঁচটা পর্যন্ত এ বৈঠক হয়। এর আগে মঙ্গলবার বিকালে কার্যনির্বাহী সংসদের বৈঠক শুরু হলেও সন্ধ্যায় তা মুলতবি করা হয়।
বুধবার বৈঠক শেষে আওয়ামী লীগের পক্ষ থেকে লিখিত প্রস্তাবে বলা হয়, "দেশবাসীর আস্থাভাজন প্রধান রাজনৈতিক নেতাদের বাদ দিয়ে বাংলাদেশে কোনো কার্যকর 'জাতীয় সনদ' এবং গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। আওয়ামী লীগ ঘোষণা করছে, শেখ হাসিনার নেতৃত্বে এবং তাকে নিয়েই দল নির্বাচনে অংশ নেবে।"
লিখিত প্রস্তাবে বলা হয়, শেখ হাসিনাকে অবিলম্বে মুক্তি দিয়ে তাকে সংলাপ ও নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দিতে হবে। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে যাওয়ার অনুমতি দিতে হবে। জরুরি অবস্থা পুরোপুরি প্রত্যাহার ও ঘরোয়া রাজনীতির ওপর থেকে আরোপিত সব নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।
এছাড়া রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার করে কারাবন্দি নেতাদের মুক্তি; গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ বন্ধ; নির্বাচনের তফসিল ঘোষণা ও সীমানা পুনর্র্নিধারণ স্থগিত; দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ; যুদ্ধাপরাধীদের বিচার ও নির্বাচনে অংশ নেয়ার অযোগ্য ঘোষণা এবং বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করার দাবি জানানো হয় লিখিত প্রস্তাবে।
বৈঠক শেষে সৈয়দ আশরাফুল অনশন কর্মসূচি ঘোষণা করেন।
তিনি জানান, ঢাকা মহানগরীতে মানববন্ধন কর্মসূচির তারিখ পরে জানানো হবে।
এ সময় সাংবাদিকরা অন্যান্য বিষয়ে প্রশ্ন করলেও সরাসরি কোনো জবাব দেননি আশরাফুল।
প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, "লিখিত প্রস্তাবেই সব কিছু বলা আছে।"
শেখ হাসিনাকে ছাড়া আওয়ামী লীগ সংলাপ বা নির্বাচনে যাবে কি না- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমরা কোনো অনুমান নির্ভর প্রশ্নের জবাব দিতে চাচ্ছি না।"
সংলাপের বিষয়ে আওয়ামী লীগের সিদ্ধান্ত জানতে চাইলে তিনি বলেন, "আমরা এখনো সংলাপের চিঠি পাইনি। কিছু বলতে পারছি না।"
আওয়ামী লীগের লিখিত প্রস্তাবে প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় বলা হয়, "ড. ফখরুদ্দিন আহমদের ভাষণ জাতিকে হতাশ ও ক্ষুব্ধ করেছে। সরকার সংলাপের পরিবেশ সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে। তাই প্রধান উপদেষ্টার এই ভাষণ দেশবাসীর কাছে গ্রহণযোগ্য নয়।"
ঘরোয়া রাজনীতির ওপর নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়ে প্রস্তাবে বলা হয়, "রাজনৈতিক দলগুলো ফুটবল ক্লাব নয় যে তারা জাতীয় সমস্যা বাদ দিয়ে কেবল নির্বাচন বা সাংগঠনিক বিষয়ের মধ্যে আলোচনা সীমাবদ্ধ রাখবে। রাজনীতি ও রাজনৈতিক দলগুলোকে নিয়ে তামাশা করার অধিকার তত্ত্বাবধায়ক সরকারের নেই।"
এতে আরো বলা হয়, প্রধান উপদেষ্টা তার এখতিয়ার ও কর্তৃত্ব বহির্ভুতভাবে সরকার ব্যবস্থা ও সংসদের ক্ষমতা সম্পর্কিত সাংবিধানিক বিষয়গুলো সংলাপের অন্তর্ভুক্ত করার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। প্রধান উপদেষ্টার এই ভাষণ স্ববিরোধী, অনভিপ্রেত ও উদ্দেশ্যপ্রণোদিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/এমএ/১৮৪০ ঘ.
bdnews24