২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাইকো মামলায় ২০ মে খালেদাকে আদালতে হাজিরের নির্দেশ

নাইকো দুর্নীতি মামলায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ গ্রেপ্তারকৃত অন্য আসামীদের আগামী ২০ মে হাজির করার আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার সকালে মহানগর বিশেষ জজ মো. আজিজুল হক এ আদেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2008, 06:32 AM

Updated : 26 Aug 2022, 01:50 PM

ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাইকো দুর্নীতি মামলায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ গ্রেপ্তারকৃত অন্য আসামীদের আগামী ২০ মে হাজির করার আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার সকালে মহানগর বিশেষ জজ মো. আজিজুল হক এ আদেশ দেন। মঙ্গলবার মহানগর বিশেষ জজ আদালতে নাইকো মামলায় অভিযুক্তদের গ্রেপ্তারি পরোয়ানার তথ্য উপস্থাপনের নির্ধারিত তারিখ ছিল। এদিকে মামলার অভিযোগপত্রভুক্ত দুই আসামী বাপেক্সের সাবেক সচিব মো.শফিউর রহমান ও সাবেক মহাব্যবস্থাপক মীর মইনুল হক সকালে আদালতে আত্মসমর্পণ করেন। বিচারক তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। মহানগর বিশেষ জজ আদালতে এ মামলার বিষয়টি উত্থাপিত হওয়ার সময় আসামী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট খোন্দকার দেলোয়ার হোসেন,সানাউল্লাহ মিয়া, মাসুদ তালুকদার প্রমূখ উপস্থিত ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া,সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ, সাবেক খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো, বড় ছেলে তারেক জিয়ার ঘনিষ্ঠ বলে পরিচিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন, ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভূঁইয়াসহ ১১ জনের বিরুদ্ধে গত ৫ মে অভিযোগপত্র দাখিল করে দুর্নীতি দমন কমিশন। নাইকো মামলায় বর্তমানে খালেদা জিয়াসহ ৬ জন কারাগারে আছেন। বাকী ৫ জনের মধ্যে মঙ্গলবার দুই জন আত্মসমর্পণ করলেন। তিনজন পলাতক আসামী যথাক্রমে সাবেক প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী, নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ ও পেট্রো বাংলার পরিচালক (অর্থ) সিএম ইউসুফ হোসাইনকে আগামী ২০ মে আদালতে আত্মসমর্পণের আহ্বান জানিয়ে জাতীয় দৈনিকে বিজ্ঞাপন প্রকাশের আদেশও দেন আদালত। ছাতক ও ফেনী গ্যাস ক্ষেত্র হস্তান্তর এবং ছাতক গ্যাস ক্ষেত্রকে পরিত্যক্ত ঘোষণার বিষয়ে নাইকোকে বিশেষ সুবিধা দিয়ে রাষ্ট্রের ১৩ হাজার ৭শ'৭৭ কোটি টাকার ক্ষতি করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিবি/এসকে/১২২১ঘ.