ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনানুষ্ঠানিক আলোচনার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে এবার সরকারের আনুষ্ঠানিক সংলাপ শুরুর ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ। ২২ মে থেকে শুরু হবে এ সংলাপ।
সোমবার জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, "আমরা মূল সংলাপের আগে ২২ দিনব্যাপী প্রাক-সংলাপ শেষ করেছি। সরকারের পাঁচজন উপদেষ্টা নিরলসভাবে ও নিবিড় বোঝাপড়ার মাধ্যমে এ প্রক্রিয়া সম্পন্ন করেছেন। প্রাক-সংলাপের মাধ্যমে আমরা রাজনৈতিক দলগুলোর প্রতি শ্রদ্ধাবোধ ও আস্থার ভিত্তি নির্মাণে আমাদের আন্তরিক বার্তা পৌঁছে দিতে পেরেছি বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।"
আগামী ২২ মে থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক সংলাপে বসার ঘোষণা দিয়ে তিনি বলেন, "সংলাপের আমন্ত্রণ জানিয়ে আমার দপ্তর হতে আগামীকাল (মঙ্গলবার) থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের কাছে চিঠি যাবে।"
তত্ত্বাবধায়ক সরকার প্রধান বলেন, "আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ঐতিহাসিক এ সংলাপে প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠিত হবে। ... এই প্রেক্ষিতে সরকার, রাজনৈতিক দল, সকল শ্রেণী-পেশার প্রতিনিধিদের অংশগ্রহণের মাধ্যমে প্রণীত ঐকমত্যের ভিত্তিতে একটি 'জাতীয় সনদ' তৈরি হওয়া একান্ত প্রয়োজন। এই জাতীয় সনদের মাধ্যমেই স্থাপিত হবে একটি সুষ্ঠু ও নির্বাচনী অবকাঠামো। সূচিত হবে একটি সুস্থ ও আস্থাশীল গণতান্ত্রিক ধারা।"
আইন উপদেষ্টা হাসান আরিফ, যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের, স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল, শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান ও পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার চৌধুরী গত ৭ এপ্রিল থেকে বিভিন্ন দলের সঙ্গে প্রাক সংলাপ আলোচনা শুরু করেন। এ আলোচনা শেষ হয় ২৮ এপ্রিল। ২২ দিনে এই পাঁচ উপদেষ্টা বিএনপির দুই অংশ ও আওয়ামী লীগসহ ২৪টি রাজনৈতিক দল এবং তিনটি সংগঠনের সঙ্গে বৈঠক করেন।
রাজধানীর রেলভবনে প্রথম বৈঠকটি হয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে। আর সবশেষে ২৮ এপ্রিল বিএনপির দেলোয়ারপন্থীদের সঙ্গে আলোচনা হয় পাঁচ উপদেষ্টার। রাষ্ট্রীয় অতিথি ভবন 'মেঘনা'য় ওই বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান সাংবাদিকদের বলেন, "প্রাক সংলাপ শেষ হয়েছে। ৩০ এপ্রিল পুরো আলোচনার একটি প্রতিবেদন আমরা প্রধান উপদেষ্টা ও পরে উপদেষ্টা পরিষদের কাছে দেব। প্রাক সংলাপের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আস্থার সম্পর্ক তৈরি হয়েছে বলে আমরা মনে করি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনডি/এমএইচবি/২০৪০ ঘ.
bdnews24