২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ কেন্দ্র মামলার কার্যক্রম বেআইনি ঘোষণার দাবিতে হাসিনার রিট

আইনে নির্ধারিত ৬০ দিনে বিচার শেষ না হওয়ায় ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলার কার্যক্রম চালিয়ে যাওয়ার বৈধতা চ্যালেঞ্জ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2008, 02:52 PM

Updated : 26 Aug 2022, 01:49 PM

ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইনে নির্ধারিত ৬০ দিনে বিচার শেষ না হওয়ায় ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলার কার্যক্রম চালিয়ে যাওয়ার বৈধতা চ্যালেঞ্জ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ মামলার কার্যক্রম চালানোকে আইনগত কর্র্তৃত্ববহির্ভূত ও বেআইনি ঘোষণার দাবি জানিয়ে রোববার হাইকোর্টে একটি রিট আবেদন করেছেন তিনি। রিটটির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিম্ন আদালতে এ মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশও চেয়েছেন হাসিনা। তার পক্ষে আম মোক্তার মঞ্জিলা ফারুক বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি মো. এমদাদুল হকের বেঞ্চে রিট আবেদনটি জমা দেন। সোমবার রিটটির ওপর শুনানি হতে পারে। গত ২৮ জানুয়ারি ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আজিজুল হক মামলাটি আমলে নিয়ে বিচারের জন্য সংসদ ভবন এলাকায় বিশেষ জজ আদালত-১ এ পাঠিয়ে দেন। হাসিনার আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ সাংবাদিকদের বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন অনুযায়ী, মামলা দায়েরের ৬০ দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে। বিচারক মামলাটি বিচারের জন্য গ্রহণ করার ৬০ দিনের মধ্যে বিচার কাজ শেষ করতে হবে। তিনি বলেন, "আইনে নির্ধারিত সময়ের মধ্যে এ মামলার বিচার কার্যক্রম শেষ হয়নি। এখনও মামলার কার্যক্রম চলছে। এর বৈধতা চ্যালেঞ্জ করে শেখ হাসিনা রিটটি দায়ের করেছেন।" বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে তিন কোটি টাকা ঘুষ নিয়ে বেসরকারী খাতে তিনটি ভাসমান বিদ্যুত প্রকল্প স্থাপনের কাজে ঠিকাদারী সংস্থাকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন গত বছর ২ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ সাত জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় এ মামলা দায়ের করে। মামলার বাকি আসামিরা হলেন, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি সচিব ড. তৌফিক ই এলাহী চৌধুরী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান নূরউদ্দিন আহম্মদ কামাল, সামিট ইন্ডাস্ট্রিজ অ্যান্ড মার্কেন্টাইল কর্পোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আজিজ খান, পরিচালক মোহাম্মদ ফরিদ খান, ইউনাইটেড গ্র"পের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা ও পরিচালক আবুল কালাম আজাদ। সোমবার এ মামলার অন্যতম আসামি তৌফিক ই এলাহী চৌধুরীকে মামলার অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার জন্য আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে শেখ হাসিনাকে অব্যাহতি দেওয়ার আবেদনসংক্রান্ত শুনানি শেষ হয়। ঢাকার ১ নম্বর বিশেষ জজ আদালতে বিচারাধীন এই মামলা গত বছর ২০ সেপ্টেম্বর জরুরি বিধিমালার আওতায় নেয়া হয়। ২০০৭ সালের ১৬ জুলাই যৌথবাহিনী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/পিসি/জেকে/এমএইচবি/২০৪৬ ঘ.