ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাটকো দুর্নীতি মামলা থেকে দলের 'সংস্কারপন্থীদের' শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, গ্যাটকো মামলার অভিযোগপত্রে সংস্কারপন্থী কয়েকজনকে অন্তর্ভুক্ত করায় এখন নিশ্চয় তারা বুঝতে পারছেন, এ খেলা চলছে রাজনীতিবিদদের ধ্বংসের জন্য।
তিনি শুক্রবার সাংবাদিকদের বলেন,"আমি মনে করি, দেরিতে হলেও এ থেকে তারা শিক্ষা নেবেন।"
খোন্দকার দেলোয়ার গ্যাটকো মামলা খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার নিন্দা জানিয়ে তা প্রত্যাহারের দাবি জানান। দেশে 'পাতানো নির্বাচন'র ষড়যন্ত্র চলছে অভিযোগ করে তা রুখে দাঁড়ানোর জন্যও সবার প্রতি আহ্বান জানান তিনি।
সংসদ ভবন এলাকার ন্যাম ফ্ল্যাটের খোন্দকার দেলোয়ার সাংবাদিকদের বলেন, "গ্যাটকো মামলাটি সাজানো ও পরিকল্পিত। দেশের জনপ্রিয় নেত্রীর (খালেদা) বিরুদ্ধে একের পর এক মামলার হামলা শুরু করেছে সরকার।"
খালেদা জিয়ার ভাবমূর্তি নষ্ট এবং তাকে নির্বাচনে অংশ নেওয়া থেকে বিরত রাখার কৌশল হিসাবে মামলাটি সাজানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
দলের অপর অংশের নেতাদের উদ্দেশে খোন্দকার দেলোয়ার বলেন, "এ মামলার অভিযোগপত্রে সংস্কারপন্থী কয়েকজন সাবেক মন্ত্রীকে অন্তুর্ভুক্ত করায় তারা এখন নিশ্চয়ই বুঝতে পারছেন, এ খেলা চলছে রাজনীতিবিদদের ধ্বংসের জন্য। পাশের বাড়ি আগুন লাগলেও আমার বাড়িতে এ শিখা আসবে না, এটা ভাবা ভুল। আমি মনে করি, দেরিতে হলেও এ থেকে তারা শিক্ষা নেবেন।"
দুর্নীতির মাধ্যমে চট্টগ্রাম বন্দর ও কমলাপুরের কন্টেইনার ডিপো পরিচালনার দায়িত্ব গ্লোবাল অ্যাগ্রো ট্রেড কোম্পানিকে (গ্যাটকো) দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় তদন্ত শেষে বৃহস্পতিবার অভিযোগপত্র অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন।
কমিশন এ মামলায় খালেদা জিয়া ও তার ছেলে কোকো ছাড়াও সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান, সাবেক স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মান্নান ভুঁইয়া, জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীসহ ২৪ জনকে আসামি করেছে।
খোন্দকার দেলোয়ার হোসেন এ অভিযোগপত্র প্রত্যাখ্যান করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
তিনি বলেন, "একটি মহল চায়, দুই নেত্রীকে বাদ দিয়ে পাতানো নির্বাচনের মাধ্যমে তাদের পছন্দসই লোকজনকে নিয়ে একটি তাবেদার সংসদ গঠন করতে। একই সঙ্গে তারা সংবিধান সংশোধন করে তাদের অভিলাষও পূরণ করতে চায়। তবে এ ধরনের কোনও ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না।"
খোন্দকার দেলোয়ার দাবি করেন, সুষ্ঠু নির্বাচন হলে তার দলই সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হবে।
জরুরি আইনের মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, "আজ বিচারের হাতকে খর্ব করা হয়েছে। কালো হাত এত দূর পর্যন্ত এগুচ্ছে- যা মানুষের জন্য দুর্ভাগ্যজনক। কারণ আদালতই হচ্ছে মানুষের শেষ আশ্রয়।"
তিনি বলেন, "বিচার বিভাগের কাছে থেকে জনগণ সুবিচার চায়। কিন্তু সর্বোচ্চ আদালত যেভাবে রায় দিচ্ছেন, তা জনগণের আশার প্রতিফলন নয়।"
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় খোন্দকার দেলোয়ারের সঙ্গে ছিলেন, বিএনপির সহসভাপতি সারোয়ারি রহমান, যুগ্ম মহাসচিব সেলিমা রহমান, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, সাবেক সাংসদ সোহরাবউদ্দিন ও খায়রুল কবীর খোকন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এফএফ/এমআই/জিএনএ/১৪২৭ ঘ.
bdnews24