২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার মুক্তির দাবিতে দেলোয়ারের সপ্তাহব্যাপী কর্মসূচি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রার্থনা দিবসসহ সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছেন তার মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। আগামী রোববার থেকে শুক্রবার এসব কর্মসূচি পালন করবে বিএনপির দেলোয়ারপন্থী অংশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2008, 11:16 AM

Updated : 26 Aug 2022, 01:49 PM

ঢাকা, মে ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রার্থনা দিবসসহ সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছেন তার মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। আগামী রোববার থেকে শুক্রবার এসব কর্মসূচি পালন করবে বিএনপির দেলোয়ারপন্থী অংশ। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সংসদ ভবন এলাকার ন্যাম ফ্ল্যাটে খোন্দকার দেলোয়ার সাংবাদিকদের সামনে এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, খালেদা জিয়া, তার দুই ছেলেসহ সব রাজনৈতিক নেতার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও তাদের মুক্তি, জরুরি অবস্থা প্রত্যাহার, রেশন চালু, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভর্তুকি প্রদান, সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা, নির্বাচনী এলাকার সীমানা পুননির্ধারণের গ্যাজেট বাতিলের দাবিসহ ১০ দফা দাবিতে আগামী রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত জেলা প্রশাসক ও থানা নির্বাহীদের কাছে স্মারকলিপি দেয়া হবে। আর শুক্রবার সারাদেশে প্রার্থনা দিবস পালন করা হবে। এছাড়া ৩০ মে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালনের জন্যও একদিনের কর্মসূচি ঘোষণা করেন দেলোয়ার। ওই দিন ভোরে দলের কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং সকাল ১০টায় শেরেবাংলা নগরে জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। বিকেলে একটি আলোচনা সভার আয়োজন করা হবে। এ ছাড়া দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষে আগামী ২ জুন থেকে এক সপ্তাহব্যাপী দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ করা হবে বলে খোন্দকার দেলোয়ার জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন প্রসঙ্গে এম সাইফুর রহমানের বুধবারের বক্তব্যের প্রতিক্রিয়ায় দেলোয়ার বলেন, "অপেক্ষা করুন, সবকিছু পরিষ্কার হয়ে যাবে। আমি ধীর গতিতে চলতে পছন্দ করি।" বুধবার চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাওয়ার আগে সাইফুর রহমান সাংবদিকদের বলেন, গত ২৯ অক্টোবর চেয়ারপারসনের অনুপস্থিতিতে দলের স্থায়ী কমিটি তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যনের দায়িত্ব দিয়েছিল। তবে পরে স্থায়ী কমিটির কয়েকজন নেতা হলফনামা দিয়ে সমর্থন প্রত্যাহার করায় ওই দায়িত্বের কার্যকারিতা হারিয়ে গেছে। বৃহস্পতিবার কর্মসূচি ঘোষণার সময় অন্যদের মধ্যে দলের যুগ্ম মহাসচিব সেলিমা রহমান, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, সাবেক সাংসদ খালেদা রাব্বানী, মেহেদি আহমেদ রুমি, অধ্যক্ষ সোহরাবউদ্দিন, সেলিম রেজা হাবিব, শাহ নুরুল কবির শাহিন, শিরিন সুলতানা, হেলেন জেরিন খান প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/জেকে/এমএ/১৭১১ ঘ.