ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে বিদেশি কোম্পানি নাইকোর হাতে 'তুলে দেওয়ার' অভিযোগে দায়ের করা মামলায় শেখ হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে বুধবার আদালতে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
কমিশনের উপ পরিচালক এম এম সাব্বির হাসান বিকেল সাড়ে চারটার দিকে অভিযোগপত্রটি ঢাকার ৩ নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে জমা দেন। হকিম মো. গোলাম রাব্বানি 'দেখিলাম' লিখে অভিযোগপত্রে স্বাক্ষর করেন।
কমিশনের প্রসিকিউশন কর্মকর্তা আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অভিযোগপত্রটি আদালতে কমিশনের প্রসিকিউটিং কার্যালয়ে জমা হয়েছে।
অভিযোগপত্রে বলা হয়েছে, আসামিরা যোগসাজশ করে বিনা টেন্ডারে ছাতক, কামতা ও ফেনী গ্যাস ক্ষেত্রের ১ হাজার ৭৯৪ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস নাইকোকে উত্তোলনের সুযোগ দিয়ে রাষ্ট্রের ১৩ হাজার ৬৩০ কোটি ৫০ লাখ টাকার ক্ষতি করেছেন।
অভিযোগপত্রভুক্ত অন্য আসামিরা হলেন, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ড. এস এ সামাদ, সাবেক জ্বালানি সচিব ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, সাবেক জ্বালানি সচিব ড. এম আকমল হোসেন, পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন, নাইকো রিসোর্সেস বাংলাদেশ লি. এর ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ, বহির্সম্পদ বিভাগের সাবেক সচিব ড. এ কে এম মশিউর রহমান ও পেট্রোবাংলার সাবেক পরিচালক সৈয়দ আনোয়ারুল হক।
মশিউর রহমান ও আনোয়ারুল হকের নাম মামলার এজাহারে মামলার এজাহারে ছিল না। তদন্তের পর তাদের নাম অভিযোগপত্রে যুক্ত করা হয়।
দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক এম এম শাব্বির হাসান গত বছর ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করে। ওইদিন একই থানায় একই অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধেও একটি মামলা করে কমিশন।
গত ৩ এপ্রিল খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার অভিযোগপত্র দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিবি/এএইচডি-ইএইচবি/এএল/জেকে/এমএ/১৬৩০ঘ.
bdnews24