ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কথা পুর্নব্যক্ত করেছেন। দলের নেতা-কর্মীদের নির্বাচনের জন্য ঐক্যবদ্ধ হয়ে প্রস্তুতি নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।
শেখ হাসিনা মঙ্গলবার ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলার শুনানি শেষে আইনজীবীদের সঙ্গে আলাপের সময় এ কথা বলেন।
হাসিনার আইনজীবী আব্দুল মান্নান সাংবাদিকদের বলেন, "শেখ হাসিনা আমাদের আজকেও বলেছেন তিনি নির্বাচনে অবশ্যই অংশ নেবেন এবং বিপুল ভোটে নির্বাচিত হবেন। একই সঙ্গে তিনি দলের নেতা-কর্মীদের আগামী নির্বাচনের জন্য ঐক্যবদ্ধ হতে বলেছেন।"
সাবেক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ড. হাসান মাহমুদ সাংবাদিকদের বলেন, "দেশবাসী তাকে যেভাবে সমর্থন করেছেন শেখ হাসিনা তাতে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।"
ড. হাসান মাহমুদ আরও জানান, শেখ হাসিনা তার সরকারের সময় বাজেটের আগে অর্থমন্ত্রীকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম না বাড়ানোর পরামর্শ দিতেন বলে আইনজীবীদের কাছে উল্লেখ করেছেন।
হাসান মাহমুদ সাংবাদিকদের জানান, শেখ হাসিনা বলেছেন তার সরকারের সময়ও বিশ্বের অর্থনৈতিক অবস্থা খারাপ ছিল। কিন্তু তারপরও এ দেশে খাদ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখা হয়েছিল।
এদিকে শেখ হাসিনার আরেক আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ অভিযোগ করেছেন, পাঁচ দিন ধরে আবেদন করার পরেও মামলার বিশেষ পরামর্শ করার জন্য শেখ হাসিনার সঙ্গে তাদের দেখা করতে দেওয়া হচ্ছে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/১৭৪৯ঘ.
bdnews24