২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসি ও সরকারের দায়িত্ব যথাসময়ে নির্বাচন: বি. চৌধুরী

বিকল্পধারা সভাপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, নির্বাচন কমিশন ও সরকারের দায়িত্ব হচ্ছে রোডম্যাপের পূর্ণ বাস্তবায়নের মাধ্যমে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান করা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2008, 02:55 PM

Updated : 26 Aug 2022, 01:48 PM

ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিকল্পধারা সভাপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, নির্বাচন কমিশন ও সরকারের দায়িত্ব হচ্ছে রোডম্যাপের পূর্ণ বাস্তবায়নের মাধ্যমে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান করা। সোমবার বিকালে বারিধারার কেসি মেমোরিয়াল ক্লিনিকে বাগেরহাট জেলা বিকল্পধারার নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সাবেক রাষ্ট্রপতি বি. চৌধুরী বলেন, "বর্তমান সরকার রাজনৈতিক সরকার না হয়েও নির্বাচন কমিশন সংস্কার, স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠন, দুর্নীতিবাজদের গ্রেপ্তার ও বিচার এবং বিচার বিভাগ পৃথক করাসহ আমাদের বেশ কিছু রাজনৈতিক দাবি পূরণ করেছেন। নির্বাচন কমিশন (ইসি) ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র প্রদানের ব্যবস্থাসহ নির্বাচন অনুষ্ঠানের রোডম্যাপও ঘোষণা করেছে। এখন ইসি ও সরকারের দায়িত্ব হচ্ছে রোডম্যাপের পূর্ণ বাস্তবায়নের মাধ্যমে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করা।" তিনি বলেন, "বেশ কিছু সাফল্য থাকা সত্ত্বেও সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বিদ্যুৎ সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছে।" রাজনৈতিক দলগুলোর সঙ্গে উপদেষ্টাদের প্রাক সংলাপ প্রসঙ্গে বি. চৌধুরী বলেন, "গোপন বৈঠক করে সংলাপ সফল করা যাবে না, বৈঠকে আলোচিত বিষয় রেডিও টেলিভিশনে প্রচারের মাধ্যমে জনসাধারণকে জানানো উচিত ছিল।" সভার অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিকল্পধারার মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর আবদুল মান্নান, প্রেসিডিয়াম সদস্য গিয়াসউদ্দীন আহমেদ চৌধুরী, জয়নাল আবেদীন খান, মাহমুদা হক প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ বিআর/এমএইচবি/২০৪৫ ঘ.