২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগ কোনও দাবি করলে তা বাস্তবায়ন করেই ছাড়ে: গণঅনশনে আশরাফুল

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগ কোনও দাবি করলে তা বাস্তবায়ন করেই ছাড়ে। (আরও তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2008, 07:36 AM

Updated : 26 Aug 2022, 01:48 PM

ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগ কোনও দাবি করলে তা বাস্তবায়ন করেই ছাড়ে। দলীয়প্রধান শেখ হাসিনার মুক্তি এবং 'সুচিকিৎসা'র জন্য তাকে যুক্তরাষ্ট্রে পাঠানোর দাবিতে সোমবার রাজধানীতে গণঅনশন কর্মসূচি চলার সময় বক্তৃতায় তিনি এ কথা বলেন। সৈয়দ আশরাফুল একই সঙ্গে জানান, তারা আইন ভাঙ্গতে চান না। বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এবং ধানমণ্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সকাল ১০টায় প্রতীকী গণঅনশন কর্মসূচি শুরু হয়। দিনব্যাপী ওই কর্মসূচিতে কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতারাসহ আওয়ামী লীগের বিপুল সংখ্যক কর্মী অংশ নেন। ধানমণ্ডির কার্যালয়ে বিকাল ৪টায় দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান ফলের রস খাইয়ে নেতা-কর্মীদের অনশন ভঙ্গ করান। বঙ্গবন্ধু এভিনিউতে কর্মসূচি সমাপ্ত করার সময় উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক প্রমুখ। ধানমণ্ডিতে অনশন চলার সময় বক্তৃতায় সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, "আমরা আইন ভাঙ্গতে চাই না। তবে আওয়ামী লীগ কোনও দাবি করলে তা বাস্তবায়ন করেই ছাড়ে। আমরা চাই, শেখ হাসিনাকে মুক্তি দিয়ে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানো হোক। আশা করছি, সরকারের শুভবুদ্ধির উদয় হবে।" নির্বাচন কমিশন (ইসি) ও সরকারের কর্মকাণ্ডে যথাসময়ে নির্বাচন নিয়ে সংশয় তৈরি হয়েছে- মন্তব্য করে তিনি বলেন, "স্থানীয় সরকার নির্বাচন করার মাধ্যমে সরকার সময়ক্ষেপণ করবে বলেও সবাই মনে করছে।" আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, "পাতানো নির্বাচন নয়; জনগণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। নির্বাচন সুষ্ঠু হলে আওয়ামী লীগ দুই-তৃতীয়াংশ আসনে বিজয়ী হবে।" বঙ্গবন্ধু এভিনিউতে বক্তৃতায় দলের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেন, "গণঅনশন কর্মসূচির মাধ্যমে আমাদের নেত্রীর মুক্তির ভিত্তি উত্থাপন করা হল। বঙ্গবন্ধুকে যখন '৭১ সালে গ্রেপ্তার করা হয়েছিল, তখন আমরা একটি ঘরের মধ্যে থেকে আন্দোলন শুরু করেছিলাম। পরে সে আন্দোলন গণআন্দোলনে পরিণত হয়েছিল।" তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "আমরা সরকারের প্রতিপক্ষ নই। সরকারও আমাদের প্রতিপক্ষ নয়। নির্বাচন যেন নিরপেক্ষ হয় এবং নির্বাচনে যাতে আওয়ামী লীগ অংশ নিতে পারে সে জন্যই আমাদের নেত্রীকে মুক্তি দিতে হবে। নেত্রীকে মুক্তি না দিলে এ আন্দোলন আর ঘরের মধ্যে থাকবে না।" তোফায়েল আহমেদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, "এ মুহূর্তে আমাদের ইস্পাত কঠিন ঐক্য দরকার। এমন কথা বলা ঠিক হবে না, যাতে দলের মধ্যে অনৈক্য সৃষ্টি হতে পারে। দলের ঐক্য কোনোভাবে ভাঙ্গা যাবে না।" সভাপতিমণ্ডলীর অপর সদস্য মতিয়া চৌধুরী বলেন, "শেখ হাসিনাকে নিয়েই আমরা নির্বাচন করব। '৬৯ সালে বঙ্গবন্ধুকে ক্যান্টনমেন্ট থেকে বের করে এনেছিলাম। হাসিনাকেও বের করে আনব।" জরুরি অবস্থার মধ্যে কর্মসূচি পালনের প্রসঙ্গে তিনি বলেন, "আমরা সিদ্ধান্ত নিয়েছি জরুরি বিধিমালা ভঙ্গ করে কিছু করব না। যদি করতে হয় তাহলে বলে কয়েই করব।" শেখ হাসিনার মুক্তি দাবি করে দলের সাংগঠনিক সম্পাদক সাবের হোসেন চৌধুরী বলেন, "এ ব্যাপারে জনমত অনেক বেশি এগিয়ে আছে, সেই তুলনায় আমাদের নেতারা অনেক পিছিয়ে আছেন। আজ শুধু নেত্রীর মুক্তির দাবিতেই নয়, দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্যও আমরা এ কর্মসূচি পালন করছি।" অনশনস্থলে উপস্থিত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু সাংবাদিকদের বলেন, "কর্মসূচি সফলভাবে পালিত হচ্ছে। দলের কার্যনির্বাহী পরিষদের পরবর্তী বৈঠক থেকে আগামী নির্ধারণ করা হবে। শেখ হাসিনাকে নিয়েই সংলাপ ও নির্বাচনে যেতে চায় আওয়ামী লীগ।" বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে অনশন কর্মসূচি পালিত হলেও কার্যালয়ের সামনে জড়ো হয়েও কর্মীরা শেখ হাসিনার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগও অনশন কর্মসূচি পালন করে। সংগঠনের সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার রোটেনের মুক্তি দাবিতে কলাভবনের সামনে বটতলায় অনুষ্ঠিত ওই কর্মসূচিতে ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী অংশ নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরবি/জেএফ/আরএ/এফএফ/এমআই/১৬২৩ ঘ.