২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপে সেনা অর্ন্তভুক্তি মানলে তাদের নিয়ন্ত্রণ বৈধতা পাবে: ওয়ার্কার্স পার্টি

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বলেছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সংলাপে সেনাবাহিনীর অর্ন্তভুক্তিকে মেনে নেওয়া হলে তা হবে সরকারের ওপর সেনা নিয়ন্ত্রণের স্বীকৃতি ও বৈধতা দেওয়ার শামিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2008, 03:19 PM

Updated : 26 Aug 2022, 01:47 PM

ঢাকা, ০৪ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বলেছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সংলাপে সেনাবাহিনীর অর্ন্তভুক্তিকে মেনে নেওয়া হলে তা হবে সরকারের ওপর সেনা নিয়ন্ত্রণের স্বীকৃতি ও বৈধতা দেওয়ার শামিল। প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপির নেতারা আসন্ন সংলাপে সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতির পক্ষে মত দেওয়ার পরিপ্রেক্ষিতে ওয়ার্কার্স পার্টি এ ব্যাপারে দলীয় অবস্থান ঘোষণা করল। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহ গত শনিবার ঢাকায় বিবিসির একটি অনুষ্ঠানে জানান, আসন্ন সংলাপে সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত থাকলে তাদের দলের কোনো আপত্তি নেই। রোববার পার্টির পলিট ব্যুরোর সভায় এ বিষয়ে আলোচনা করে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দলীয় অবস্থান প্রকাশ করে ওয়ার্কার্স পার্টি। সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে সভায় গৃহীত প্রস্তাবে বলা হয়, "বর্তমান তত্ত্বাবধায়ক সরকার সংবিধান অনুসারে ক্ষমতা নিয়েছে; সেখানে সেনাবাহিনীর কোনো অর্ন্তভুক্তি নেই। সেনাবাহিনীর পক্ষ থেকেও বারবার বলা হয়েছে, তারা সরকারকে কেবল সহায়তা করছে; তাদের কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ নেই। এই অবস্থায় সংলাপে সেনাবাহিনীর অন্তর্ভুক্তির প্রশ্ন কেবল অনভিপ্রেতই নয়, বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের ওপর সেনাবাহিনীর নিয়ন্ত্রণের বিষয়টিকে রাজনৈতিক স্বীকৃতি ও বৈধতা দেওয়ার শামিল।" সভায় আরও বলা হয়, উপদেষ্টাদের সঙ্গে প্রাক-সংলাপ রাজনৈতিক দল ও জনমনে আস্থা সৃষ্টি করতে পারেনি। সংলাপকে অর্থবহ করতে হলে সুনির্দিষ্ট এজেন্ডা ঘোষণা করতে হবে। তার ভিত্তিতেই আলোচনা ও সিদ্ধান্ত নিতে হবে। পলিটব্যুরোর সভায় জাতীয় সংসদের আসন সীমানা পুনঃনির্ধারণের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে বলা হয়, নির্বাচন কমিশনের এই পদক্ষেপ নির্বাচনকে অনিশ্চিত করে তুলবে। সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস, পলিটব্যুরোর সদস্য হায়দার আকবর খান রনো, নুরুল হাসান, ফজলে হোসেন বাদশা প্রমুখ এ সভায় অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএস/জেকে/এসকে/২১০৯ঘ.