২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসিকে সীমানা পুনর্নির্ধারণ থেকে ফেরার অনুরোধ আ. লীগের

নির্বাচনী আসনের সীমানা পুনর্নির্ধারণের কাজ থেকে ফিরে আসার জন্য নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানিয়েছে আওয়ামী লীগ। ১৩৩টি আসনের সীমানা পুনর্নির্ধারণের পেছনে কোন ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটিও গঠন করেছে দলটি। শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভা থেকে এ অনুরোধ জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2008, 04:41 PM

Updated : 26 Aug 2022, 01:47 PM

ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- নির্বাচনী আসনের সীমানা পুনর্নির্ধারণের কাজ থেকে ফিরে আসার জন্য নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানিয়েছে আওয়ামী লীগ। ১৩৩টি আসনের সীমানা পুনর্নির্ধারণের পেছনে কোন ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটিও গঠন করেছে দলটি। শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভা থেকে এ অনুরোধ জানানো হয়। সভা শেষে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের ব্রিফিংয়ে সভায় গৃহীত এ তথ্য জানান। আশরাফুল বলেন, "আওয়ামী লীগ নির্বাচনী আসন পুণর্নির্ধারণের বিপক্ষে নয়। তবে এই সরকার যেভাবে আসন পুনর্নির্ধারণের কাজ করছে তাতে নির্বাচনী রোডম্যাপ বাধাগ্রস্থ হবে। সেজন্য প্রেসিডিয়াম সভা থেকে এ আসন পুনর্নির্ধারনের প্রস্তাব প্রত্যাহারের অনুরোধ জানানো হয়েছে।" তিনি বলেন, "এর আগে ইলেকশন কমিশন আমাদের সঙ্গে দু' দফা বৈঠকে সর্বোচ্চ ৫০টি আসন পুনর্নির্ধারণের কথা বললেও এখন ১৩৩টি আসন পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে। এর পেছনে কোনও ষড়যন্ত্র আছে কী না তা খতিয়ে দেখা হবে।" তিনি জানান এ জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে আওয়ামী লীগ। কমিটিকে প্রতিবেদন দিতে দুই সপ্তাহ সময় দেয়া হয়েছে। ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে তার গুলশানের বাসায় সভাপতিমণ্ডলীর বৈঠকটি অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, "ইতিমধ্যেই রোডম্যাপ থেকে তিনমাস পিছিয়ে রয়েছে নির্বাচন কমিশন। এরমধ্যে আবার আসন পুনর্নির্ধারণের কাজ করতে গেলে নির্বাচন অনুষ্ঠানের সময় আরো পিছিয়ে যেতে পারে। নির্বাচন কমিশন সোজা না গিয়ে ডানে-বামে, উত্তরে-দক্ষিণে যাচ্ছে। সেজন্য নির্বাচন নিয়ে সবার মনে সন্দেহ দেখা দিচ্ছে।" আগামী ৫ মে আওয়ামী লীগের প্রতীকী গণঅনশন কর্মসূচি পালনসংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "আজ শনিবার সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে অনুমতি চাওয়া হবে। সরকার অনুমতি না দিলে আবার প্রেসিডিয়ামের সভা করে সিদ্ধান্ত পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।" অনশন কর্মসূচির ব্যাপারে সরকারের নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি বলেন, "সরকারের কাছে তো অনুমতি চাওয়াই হয়নি, কেন তারা এ ব্যাপারে নোটিশ দিল তা আমরা জানি না।" "আমরা আগেও আইনের আওতায় থেকে বিভিন্ন কর্মসূচি পালন করেছি। প্রতীকী গণঅনশনও আইনের মধ্যে থেকেই করব এজন্য আশা করি সরকার অনুমতি দেবে।"