ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরুরি অবস্থা প্রত্যাহার করে সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট সময়সূচি ঘোষণার দাবি জানিয়েছে সাইফুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
শুক্রবার তোপখানা রোডের কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় কমিটির সভায় এ দাবি জানানো হয়।
কেন্দ্রীয় কমিটির সভায় গৃহীত প্রস্তাবে বলা হয়েছে, প্রাক সংলাপ বর্তমান সংকট এবং গণতন্ত্র উত্তরণে জনমনে কোনো কোনো ভরসা জাগাতে পারেনি। সরকার ও নির্বাচন কমিশন ঘোষিত অবাধ নির্বাচনের জন্য 'লেভেল প্লেয়িং ফিল্ড' তৈরির কাজেও অগ্রগতি নেই। প্রস্তাবে সংলাপ ও গণতান্ত্রিক উত্তরণে সরকারের সদিচ্ছা প্রমাণে অবিলম্বে জরুরি অবস্থা প্রত্যাহার করতে বলা হয়েছে।
একই সঙ্গে খাদ্য শস্যের সরকারি মজুদ গড়ে তুলতে ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয় কেন্দ্রের মাধ্যমে কৃষকের কাছ থেকে ধান চাল সংগ্রহ করার আহ্বান জানানো হয়।
ওয়ার্কার্স পার্টির সভাপতি খন্দকার আলী আব্বাসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সাইফুল হক, কেন্দ্রীয় কমিটির সদস্য পরেশচন্দ্র সাহা, নাসিরুদ্দীন আহম্মেদ নাসু, রাজা মিয়া, আবদুস সালাম, বহ্নিশিখা জামালী, মলয় ভৌমিক, হাবিবুল বসুনীয়া, শিবলুল বারী রাজু, এম এ হাবিব, আকবর খান, আবু হাসান টিপু, সেকান্দার হোসেন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএআর/এমএ/১৬২৬ ঘ.
bdnews24