ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেখ হাসিনা বলেছেন, তাকে উদ্ধৃত করে কয়েকটি পত্রিকায় ড. কামাল হোসোনের কালো টাকা সাদা করার যে খবর ছাপা হয়েছে তা পুরোপুরি ঠিক নয়। (সংশোধিত)
বুধবার ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলার শুনানি শেষে শেখ হাসিনা সাংবাদিকদের উপস্থিতিতে আইনজীবীদের বলেন, "ড. কামাল হোসেন ১০২ কোটি কালো টাকা সাদা করেছেন তা বলিনি। যদিও কয়েকটি পত্রিকায় তা ছাপা হয়েছে। তবে তার সম্পর্কে আমার কাছে আরও অনেক তথ্য আছে।"
'ড. কামাল হোসেন ১০২ কোটি কালো টাকা সাদা করেছেন'- হাসিনাকে উদ্ধৃত করে এমন একটি খবর গত ২৮ এপ্রিল কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকায় ছাপা হয়।
এর প্রতিক্রিয়ায় কামাল হোসেন ওইদিন বলেন, "একশ কোটি টাকা আমি কোনদিন চোখেও দেখিনি। কালো টাকা সাদা করারতো প্রশ্নই আসে না। শেখ হাসিনা আমার মেয়ের মত।"
ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলা সম্পর্কে হাসিনা তার আইনজীবীদের বলেন, "মূল্যায়ন কমিটির প্রতিবেদন ছাড়াই আমার বিরুদ্ধে এ মামলার অভিযোগ আনা হয়েছে। মূল্যায়ন প্রতিবেদন ছাড়া তারা কীভাবে বলে যে আমি অনিয়ম করেছি?"
তিনি বলেন, "যারা এ মামলা করেছে তাদের বিরুদ্ধেও পাল্টা মামলা করা যায়। এভাবে প্রত্যেক ব্যক্তির বিরুদ্ধেই মামলা করা সম্ভব।"
আওয়ামী লীগ সরকারের আমলে কোনো কাজেই অনিয়ম হয়নি দাবি করে হাসিনা বলেন, "আমরা সরকারি টাকাকে জনগণের আমানত মনে করেছি। সেই আমানতের খিয়ানত হতে দেইনি।"
আওয়ামী লীগ সভানেত্রী অভিযোগ করেন, তার আইনজীবী ও আত্মীয়দের নানাভাবে চাপ দেওয়া হচ্ছে।
হাসিনা বলেন, "গত ১৫ দিন ধরে আমার সঙ্গে কোনো আত্মীয়কে দেখা করতে দেওয়া হয়নি। বিভিন্নভাবে আমার ওপর মানসিক নির্যাতন করা হচ্ছে।"
সিএনজির দাম বাড়িয়ে বাস মালিকদের সুবিধা করে দেওয়া হয়েছে অভিযোগ করে তিনি বলেন, "সাধারণ মানুষের জন্য এটা মরার ওপর খাড়ার ঘা।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/এসএনডি/এমএ/১৯০০ঘ.
bdnews24