ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে বিদেশি কোম্পানি নাইকোর হাতে 'তুলে দেওয়ার' অভিযোগে দায়ের করা দুটি মামলায় খালেদা জিয়া ও শেখ হাসিনাসহ ২০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র চূড়ান্ত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
কমিশনের মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল বুধবার সাংবাদিকদের বলেছেন, অভিযোগপত্র দুটি আদালতে দাখিলের অনুমোদন দেয়া হয়েছে।
দুটি মামলাতেই প্রাথমিক তথ্য প্রতিবেদনের (এফআইআর) বাইরে আরও ৮ জনকে অভিযুক্ত করা হয়েছে। এদের মধ্যে সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, গিয়াস উদ্দিন আল মামুন, সাবেক সচিব ড. এ কে এম মসিউর রহমান ও পেট্রোবাংলার সাবেক পরিচালক সৈয়দ আনোয়ারুল হকও রয়েছেন।
দুই অভিযোগপত্রেই নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফের নাম রয়েছে।
অভিযোগপত্রে মামলা দুটি জরুরি বিধিমালায় অর্ন্তভুক্ত করার কথাও বলা হয়েছে।
খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, এ মামলার ১১ আসামি পরস্পরের যোগসাজশে নাইকোর সঙ্গে চুক্তি করায় সরকারের ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার গ্যাস সম্পদের ক্ষতি হয়েছে।
আর শেখ হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে চূড়ান্ত করা অভিযোগপত্রে বলা হয়েছে, আসামিদের দুর্নীতির কারণে সরকারের ১৩ হাজার ৬৩০ কোটি ৫০ লাখ টাকার গ্যাস সম্পদের ক্ষতি হয়েছে।
খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলায় অভিযোগপত্রভুক্ত অন্য আসামিরা হলেন- সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, সাবেক সিনিয়র সহকারি সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান, বিতর্কিত ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভূঁইয়া এবং নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।
মামলার প্রাথমিক তথ্য প্রতিবেদনে (এফআইআর) কামাল উদ্দিন, ইউছুফ হোসাইন, ময়নুল হক, শফিউর রহমান, মামুন ও সেলিম ভূঁইয়ার নাম ছিল না। তদন্তে অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাদের নাম অভিযোগপত্রে তোলা হয়।
শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের মামলায় অভিযোগপত্রভুক্ত বাকি আসামিরা হলেন- সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম, সাবেক মুখ্য সচিব ড. এস এ সামাদ, সাবেক জ্বালানি সচিব ড. তৌফিক ই এলাহী চৌধুরী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক সচিব এম আকমল হোসেন, পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন, সাবেক সচিব ড. এ কে এম মসিউর রহমান, পেট্রোবাংলার সাবেক পরিচালক সৈয়দ আনোয়ারুল হক এবং নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।
এ অভিযোগপত্রে এফআইআরের বাইরে মসিউর রহমান ও আনোয়ারুল হকের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশন গত বছর ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় এ দুটি মামলা দায়ের করে। খালেদার বিরুদ্ধে মামলাটি করেন কমিশনের উপ-পরিচালক মাহবুবুল আলম। আর উপ-পরিচালক এম এম শাব্বির হাসান দায়ের করেন হাসিনার বিরুদ্ধে মামলাটি।
আলদা মামলা হলেও ওই তিনটি গ্যসক্ষেত্র হস্তগত করতে কানাডার কোস্পানি নাইকোর অভিযুক্ত কর্মকাণ্ডের ব্যাপ্তি গড়ায় ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার ও এরপর ক্ষমতায় আসা চারদলীয় জোট সরকার পর্যন্ত। মামলা দুটির এজাহারে বলা হয়, উত্তোলনযোগ্য গ্যাসের মজুদ থাকা সত্ত্বেও সাবেক দুই প্রধানমন্ত্রী ছাতক, কামতা ও ফেনী গ্যাসক্ষেত্রকে পরিত্যক্ত ঘোষণা করে বিদেশি তেল-গ্যাস কোম্পানির হাতে তুলে দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/টিএইচ/জেকে/১৯৫৫ ঘ.
bdnews24