২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেক রহমানের দু'টি চাঁদাবাজির মামলার কার্যক্রম স্থগিত

তারেক রহমানের দু'টি চাঁদাবাজির মামলার কার্যক্রম মঙ্গলবার স্থগিত করেছে হাইকোর্ট। এই নিয়ে তারেক রহমানের বিরুদ্ধে এ পর্যন্ত দায়ের করা আটটি মামলার কার্যক্রম স্থগিত হল। আটটি মামলার মধ্যে ছয়টিতে তিনি জামিন পেয়েছেন। (সংশোধনীসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2008, 01:52 PM

Updated : 26 Aug 2022, 01:46 PM

ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- তারেক রহমানের দু'টি চাঁদাবাজির মামলার কার্যক্রম মঙ্গলবার স্থগিত করেছে হাইকোর্ট। এই নিয়ে তারেক রহমানের বিরুদ্ধে এ পর্যন্ত দায়ের করা আটটি মামলার কার্যক্রম স্থগিত হল। আটটি মামলার মধ্যে ছয়টিতে তিনি জামিন পেয়েছেন। মঙ্গলবার বিচারপতি মোঃ ইমান আলী ও বিচারপতি এমদাদুল হক আজাদের হাইকোর্ট বেঞ্চ তারেকের দুইটি আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। তারেকের আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন সাংবাদিকদের জানান, দুইটি মামলায় জামিন না পাওয়ায় তারেক রহমানের কারামুক্তি হচ্ছেনা। গত বছরের ১ এপ্রিল ধানমন্ডি থানায় মীর আক্তার হোসেন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মীর জহির হোসেন ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন সহ সাত জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে তাদের বিরুদ্ধে মোট ৫ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ করা হয়। এর মধ্যে তারা ৩৫ লাখ টাকা চাঁদা নেন। পরে এ মামলায় মামুনের জবানবন্দি গ্রহণ করে তারেকের বিরুদ্ধে এ মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। অন্য মামলাটি করা হয় গত বছরই ৯ এপ্রিল। শাহবাগ থানায় আবুল মোমেন লিমিটেডের ব্যবস্থাপক খায়রুল বাশার মামুনসহ সাত জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। এতে তাদের বিরুদ্ধে ৫ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ করা হয়। তারা এর মধ্যে ১ কোটি ৩১ লাখ টাকা চাঁদা নেন। এ মামলাটিতেও মামুনের জবানবন্দি গ্রহণ করে তারেকের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। এ মামলা দুইটি জরুরি বিধিমালায় অন্তর্ভুক্ত করা হলে এর বৈধতা চ্যালেঞ্জ করে তারেক রহমানের দায়ের করা পৃথক দুইটি রিটের পরিপ্রেক্ষিতে গত বছরের ২ ডিসেম্বর হাইকোর্ট তারেকের জামিন মঞ্জুর করেন। পাশাপাশি মামলা দুইটি জরুরি বিধিমালায় অন্তর্ভুক্ত করা কেন অবৈধ ঘোষণা করা হবেনা তার কারণ জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করেন। তারেকের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট এ এইচ এম মিজানুর রহমান। সরকার পক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা আফসার জাহান। গত বছর ৭ মার্চ রাতে তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/জিএনএ/১৬৫৫ঘ.