২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাক সংলাপে আলোচিত বিষয় নিয়ে সুপারিশ তৈরি করছেন উপদেষ্টারা

প্রাক সংলাপে আলোচিত বিষয় নিয়ে সুপারিশ তৈরি করছেন দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা। এ বিষয়ে মঙ্গলবার চার উপদেষ্টা বৈঠক করেছেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা এ এফ হাসান আরিফ, বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আনোয়ারুল ইকবাল উপস্থিত ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2008, 10:16 AM

Updated : 26 Aug 2022, 01:46 PM

ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাক সংলাপে আলোচিত বিষয় নিয়ে সুপারিশ তৈরি করছেন দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা। এ বিষয়ে মঙ্গলবার চার উপদেষ্টা বৈঠক করেছেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা এ এফ হাসান আরিফ, বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আনোয়ারুল ইকবাল উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান সাংবাদিকদের বলেন, "গতকাল (সোমবার) প্রাক সংলাপ শেষ হয়েছে। এখন আলোচিত বিষয়গুলোর সিনথেসিস প্রয়োজন। এজন্য নিজেদের মধ্যে আরো আলোচনা করতে হবে।" মঙ্গল ও বুধবার নিজেদের মধ্যে আলোচনা শেষে ৩০ এপ্রিল তা সুপারিশ আকারে উপদেষ্টা পরিষদে উপস্থাপন করার আশা প্রকাশ করেন তিনি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সংলাপের প্রস্তুতির অংশ হিসেবে গত ৭ এপ্রিল প্রাক সংলাপ শুরু হয়ে ২৯ এপ্রিল পর্যন্ত চলে। এ সময়ের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি'র দুই অংশ, জাতীয় পার্টি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল, ব্যবসায়ী প্রতিনিধি, বেসরকারি সংগঠনের প্রতিনিধি এবং ইউনিয়ন পরিষদের প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠক করেন প্রাক সংলাপের জন্য দায়িত্বপ্রাপ্ত পাঁচ উপদেষ্টা। প্রাক সংলাপে প্রধান দলগুলো শেখ হাসিনা ও খালেদা জিয়ার মুক্তি, দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা, জরুরি অবস্থা প্রত্যাহার, দ্রুত গণতন্ত্রে ফিরে যাওয়ার ব্যবস্থা করা, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করাসহ বিভিন্ন বিষয়ে সরকারের কাছে দাবি জানায়। তবে কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে ভিন্ন দাবি এসেছে। বেশিরভাগ দল দ্রুত জরুরি অবস্থা প্রত্যাহারের দাবি জানালেও জাতীয় পার্টি (এরশাদ) জরুরি অবস্থার মধ্যে নির্বাচন করার জন্য সরকারের প্রতি দাবি জানায়। আগামী মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে প্রধান উপদেষ্টার নেতৃত্বে মূল সংলাপ অনুষ্ঠিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ ইএইচবি-এএইচডি/এএল/জিএনএ/১৬০৮ ঘ.