ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের সঙ্গে সংলাপে শেখ হাসিনার মুক্তির বিষয়টি নিয়ে আলোচনার প্রতিশ্র"তি না পেলে তাতে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সংশয় প্রকাশ করেছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
হাসিনার মুক্তিসহ পাঁচ দফা দাবিতে ঢাকা মহানগর আওয়ামী লীগের গণস্বাক্ষর কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, "সরকারের সঙ্গে আসন্ন সংলাপের আগেই শেখ হাসিনার মুক্তি নিয়ে আলোচনা হবে কিনা তা বলতে হবে। যে সংলাপে নেত্রীর (শেখ হাসিনা) মুক্তি নিয়ে আলোচনা হবে না, সেখানে আওয়ামী লীগ যাবে কিনা- ভাবতে হবে।"
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য আমির হোসেন আমু সরকারের উদ্দেশে বেেলন, "শেখ হাসিনার মুক্তিসহ আওয়ামী লীগের ঘোষিত পাঁচ দফা দাবি অবিলম্বে মেনে নিন। পরিস্থিতিকে কোনো রক্তক্ষয়ী দিকে ধাবিত করবেন না বলে আশা করি।"
আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে মুক্ত করার ঘোষণা দিয়ে সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেন, "বঙ্গবন্ধু কন্যাকে মুক্তি না দিলে এই গণস্বাক্ষর আন্দোলন গণবিস্ফোরণ ও গণ অভ্যূত্থানে পরিণত হবে। রাজপথে আন্দোলন করেই শেখ হাসিনাকে মুক্ত করব। কেউ যদি মনে করেন শেখ হাসিনাকে কারাগারে রেখে এবং জরুরি অবস্থার মধ্যে নির্বাচন করবেন, তবে তারা আহম্মকের স্বর্গে বাস করছেন।"
সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক সরকারের উদ্দেশ্যে বলেন "অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য শেখ হাসিনাকে মুক্তি দিন এবং নির্বাচনের তারিখ ঘোষণা করুন।"
সরকারকে 'মডারেট বিএনপি-জামায়াত তত্ত্বাবধায়ক সরকার' আখ্যা দিয়ে মতিয়া চৌধুরী বলেন "বিএনপি-জামায়াতের আমলে শেখ হাসিনাকে যেমন শেষ করার চেষ্টা হচ্ছিল, তেমনি আজকে একটু ভদ্রভাবে আপনারা শেখ হাসিনাকে শেষ করতে চাচ্ছেন।"
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দলের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম প্রমুখ।
এই অনুষ্ঠানের আগে, সকালের দিকে মহানগর আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল হাসিনার মুক্তির দাবিতে প্রায় ২৫ লাখ মানুষের স্বাক্ষর করা কপি প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এসএনডি/এমএইচবি/২১০৬ ঘ.
bdnews24