২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কারপন্থি বিএনপির সঙ্গে সংলাপে বসেছে নির্বাচন কমিশন

নির্বাচন কমিশনের সঙ্গে সংস্কারপন্থি বিএনপির সংলাপ শুরু হয়েছে। রোববার সকাল ১০টা ১০ মিনিটে শেরে বাংলা নগরে কমিশনের সম্মেলন কক্ষে সংলাপ শুরু হয়। এর মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের নির্ধারিত সংলাপ কর্মসূচী শেষ হওয়ার কথা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2008, 04:44 AM

Updated : 26 Aug 2022, 01:46 PM

ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশনের সঙ্গে সংস্কারপন্থি বিএনপির সংলাপ শুরু হয়েছে। রোববার সকাল ১০টা ১০ মিনিটে শেরে বাংলা নগরে কমিশনের সম্মেলন কক্ষে সংলাপ শুরু হয়। এর মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের নির্ধারিত সংলাপ কর্মসূচী শেষ হওয়ার কথা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক সেনা প্রধান অবসরপ্রাপ্ত লে. জেনারেল মাহবুবুর রহমান সংলাপে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা ও দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন ও কমিশনের সচিব মুহম্মদ হুমায়ুন কবীর সংলাপে উপস্থিত রয়েছেন। বিএনপির প্রতিনিধি দলের অন্যরা হচ্ছেন, মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ, সহসভাপতি চৌধুরী কামাল ইবনে ইউসুফ, চেয়ারপার্সনের উপদেষ্টা এ এইচ এম মোফাজ্জল করিম, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জেড এ খান, এম এ হাকিম, সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক, সাবেক সাংসদ আবদুল আলীম, শাহ মো: আবুল হোসাইন, নাজির হোসেন, আবদুল খালেক চন্টু, নাসিরুল হক সাবু, ডা: জিয়াউল হক মোল্লা ও তাসমিম রানা। সংলাপের শুরুতে প্রধান নির্বাচন কমিশনার বিএনপির নেতৃবৃন্দকে করমর্দন করে স্বাগত জানান। সংলাপের আগে বিএনপির স্থায়ী কমিটির মনোনীত অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ''কমিশনের সঙ্গে আমাদের আলোচনায় প্রাধান্য পাবে, কিভাবে দেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচন অনুষ্ঠান করা যায়। সন্ত্রাস ও কালো টাকার প্রভাবমুক্ত একটি সুষ্ঠু নির্বাচনে দলের পক্ষ থেকে আমাদের সুপারিশ রয়েছে। এর আলোকে আমরা আলোচনা করব।'' কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিএনপির সঙ্গে সংলাপ অনুষ্ঠান হওয়ার কথা ছিল গত বছরের ২২ নভেম্বর। সে অনুযায়ী গত ৫ নভেম্বর কমিশন সংলাপের আমন্ত্রণ জানায় বিএনপির সংস্কারপন্থি অংশের অস্থায়ী মহাসচিব হাফিজ উদ্দিন আহমেদকে। পরে ১৮ নভেম্বর কশিমনের ওই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়া একটি রিট মামলা দায়ের করলে বিএনপির সঙ্গে সংলাপ ঝুলে যায়। দীর্ঘ সময়ে শুনানি শেষে হাইকোর্ট খালেদা জিয়ার আবেদন খারিজ করে দিলে গত ২২ এপ্রিল মেজর হাফিজকে নির্বাচন কমিশন পুনরায় সংলাপের আমন্ত্রণ জানায়। গত বছরের ১২ সেপ্টেম্বর প্রথম দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে এবং দ্বিতীয় দফায় গত ২৪ ফেব্র"য়ারি সংলাপ শুরু হয়। দুই দফায় আওয়ামী লীগ, জাতীয় পার্টি (এরশাদ), জামায়াতে ইসলামী, ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), ন্যাপ (মোজাফফর), জাসদ (ইনু), জাসদ (জিকু), সাম্যবাদী দল, বিকল্পধারা বাংলাদেশ, গণতন্ত্রী পার্টি, কৃষক শ্রমিক জনতা লীগ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), ইসলামী ঐক্যজোট, জাতীয় পার্টি (জেপি) ও খেলাফত মজলিশ-- এ ১৬ টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছে নির্বাচন কমিশন। এছাড়াও গণফোরাম, প্রগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টি, কল্যাণ পার্টি, তরিকত ফেডারেশন, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদসহ কয়েকটি ছোট রাজনৈতিক দলের সঙ্গেও অনানুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন সংলাপ করেছে। বিএনপির একাংশের সঙ্গে সংলাপ কেন্দ্র করে নির্বাচন কমিশন ঘিরে কঠোর নিরাপত্তা বলয় তৈরী করা হয়েছে। বাইরে অপেক্ষা করছে এই অংশের শত শত নেতা কর্মী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচসি/এএইচডি/জিএনএ/১০৩৫ ঘ.