২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচন চেয়েছে চারটি দল

সরকারের সঙ্গে প্রাক সংলাপ বৈঠকে জাতীয় সংসদ নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন করার দাবি জানিয়েছে বিকল্পধারা বাংলাদেশ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), কল্যাণ পার্টি ও ইউনিটি ফর পলিটিক্যাল রিফমর্স (ইউপিআর)। তবে নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপ অনুযায়ী চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচন চেয়েছে দলগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2008, 02:16 PM

Updated : 26 Aug 2022, 01:45 PM

ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের সঙ্গে প্রাক সংলাপ বৈঠকে জাতীয় সংসদ নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন করার দাবি জানিয়েছে বিকল্পধারা বাংলাদেশ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), কল্যাণ পার্টি ও ইউনিটি ফর পলিটিক্যাল রিফমর্স (ইউপিআর)। তবে নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপ অনুযায়ী চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচন চেয়েছে দলগুলো। বৃহস্পতিবার সরকারের চার উপদেষ্টার সঙ্গে বৈঠক করে দলগুলো নির্বাচনের বিষয়ে তাদের মতামত জানায়। রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় যোগাযোগ উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম কাদের, আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফ, স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান দুপুর থেকে বিকেল পর্যন্ত ধারাবাহিকভাবে দলগুলোর সঙ্গে বসেন। ইউপিআর-এর ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন আ স ম আবদুর রব। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিম কল্যাণ পার্টির চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এলডিপির ৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন অধ্যাপিকা জাহানারা বেগম। আর অবসরপ্রাপ্ত মেজর আবদুল মান্নান ছিলেন চার সদস্যের বিকল্প ধারা প্রতিনিধি দলের নেতৃত্বে। দলগুলোর শেষে বৈঠক শেষে উপদেষ্টা হাসান আরিফ সাংবাদিকদের বলেন, "রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশের স্বার্থে জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন করার পক্ষে মত দিয়েছে দলগুলো। নেতারা রাজনীতিতে গুণগত পরিবর্তন আনারও সুপারিশ দিয়েছেন। তারা বলেছেন, এ জন্য নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে।'' বৈঠকের পর আ স ম আবদুর রব সাংবাদিক বলেন, "রোডম্যাপ অনুযায়ী ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছি। আমরা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা, প্রাদেশিক পদ্ধতির সরকার, দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ, জাতীয় নিরাপত্তা কাউন্সিল গঠন, পরিবারতন্ত্র বিলুপ্ত ও ১০ বছরের জন্য জাতীয় ঐক্যমতের সরকার গঠনসহ ৮ দফা সুপারিশ জানিয়েছি উপদেষ্টাদের কাছে।" কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাজনীতিতে গুণগত পরিবর্তন আনার জন্য নির্বাচনে সুনির্দিষ্ট দলীয় প্রতীক না রাখার সুপারিশ করেছি আমরা। এছাড়া 'না' ভোটের জন্য একটি আলাদা বাক্স রাখতে বলেছি।'' এছাড়া প্রত্যক্ষ ভোটে অথবা সংসদ সদস্য, জেলা-উপজেলা পর্যায়ের নির্বাচকমণ্ডলীর মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করার সুপারিশ করেন। এলপিডির মহাসচিব অধ্যাপিকা জাহানারা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নির্বাচনে প্রতীক পদ্ধতি উঠিয়ে দিতে বলেছি। এছাড়া জরুরি অবস্থা তুলে নিয়ে ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠান, জুন মাসের মধ্যে দুর্নীতিবাজদের বিচার কাজ সম্পন্ন করে তাদের নির্বাচনে অংশ নেয়ার অযোগ্য ঘোষণার দাবি জানিয়েছি।" বিকল্প ধারার মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর আবদুল মান্নান সাংবাদিকদের বলেন, "জরুরি অবস্থা প্রত্যাহার করে অথবা শিথিল করে রোডম্যাপ অনুযায়ী নির্বাচন চাই। তবে নির্বাচনের আগে রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। স্থানীয় সরকার নির্বাচন সংসদ নির্বাচনের আগে হলে ভালো হয় বলে মত দিয়েছি আমরা।'' প্রাক সংলাপ বৈঠকে কল্যাণ পার্টি প্রতিনিধিদলে ছিলেন আবুল কালাম আজাদ, সাদেক আহমেদ খান, হান্নান মোল্লা পলাশ। এলডিপি প্রতিনিধিদলে ছিলেন, আলমগীর কবির, ব্যারিস্টার জিয়াউর রহমান খান, আবদুল করিম আব্বাসী ও সৈয়দ দিদার বখত। বিকল্পধারার প্রতিনিধিদলে ছিলেন, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গিয়াস উদ্দিন এ চৌধুরী, জয়নুল আবেদীন খান ও মাহী বি চৌধুরী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/এমএইচবি/২০১২ ঘ.