২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার মুক্তির দাবিতে ২৯ এপ্রিল আ. লীগের প্রতীক অনশন

শেখ হাসিনাকে মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে আগামী ২৯ এপ্রিল সারাদেশে প্রতীক অনশন পালন করবে আওয়ামী লীগ। বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের বাসায় দলের সভাপতিমণ্ডলীর সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2008, 03:13 PM

Updated : 26 Aug 2022, 01:45 PM

ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনাকে মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে আগামী ২৯ এপ্রিল সারাদেশে প্রতীক অনশন পালন করবে আওয়ামী লীগ। বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের বাসায় দলের সভাপতিমণ্ডলীর সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, "২৯ এপ্রিল সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত ঢাকাসহ সারাদেশে অনশন কর্মসূচি চলবে। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয় এবং ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়সহ ঢাকার ২২টি থানায় এই কর্মসূচি পালন করা হবে।" এছাড়া দেশের অন্যান্য স্থানে যার যার অবস্থানে থেকে অনশন করবে দলের নেতাকর্মীরা। এ কর্মসূচি চলার সময় যাতে জরুরি অবস্থার সঙ্গে সংঘাত সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান আশরাফুল। স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, "সভাপতিমণ্ডলির সভায় সবার আগে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানানো হয়েছে। আমরা স্থানীয় সরকারের বিরোধী নই। তবে যেহেতু নির্বাচন কমিশন তাদের রোডম্যাপ থেকে তিন থেকে সাড়ে তিন মাস পিছিয়ে পড়েছে, সেজন্য আমরা চাই জাতীয় নির্বাচনের পর স্থানীয় নির্বাচন হোক।" জরুরি অবস্থা প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি বলেন, "যতো তাড়াতাড়ি জরুরি অবস্থা প্রত্যাহার হবে ততো দ্রুত নির্বাচনের প্রস্তুতি নেওয়া যাবে।" আশরাফুল দাবি করেন, শেখ হাসিনার আইনজীবীদের বিভিন্নভাবে হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগ সত্য হলে তা বিচার ব্যবস্থাকে বিতর্কিত করবে। আশরাফুল বলেন, "আমরা আশা করি, রোডম্যাপ অনুযায়ীই নির্বাচন হবে। তবে নির্বাচন কমিশন যেভাবে কাজ করছে তাতে ব্যর্থ হওয়ার আশঙ্কা রয়েছে। কমিশনকে আরো তৎপর হতে হবে।" জিল্লুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, আবদুর রাজ্জাক, সুরঞ্জিত সেন গুপ্ত ও মতিয়া চৌধুরী বৈঠকে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এমএআর/জেকে/এমএইচবি/২১০৪ ঘ.