ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- মানবাধিকার রক্ষা ও গণতন্ত্রে ফিরে যাওয়ার সিদ্ধান্ত বাংলাদেশের মানুষই নিবে বললেন সফররত সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রী শেরি ব্লেয়ার।
তিনি বলেন, "পৃথিবীর যে দেশেই জরুরি অবস্থা থাকে সেখানেই মানবাধিকার প্রশ্নের মুখে পড়ে। বাংলাদেশের মানুষই নির্ধারণ করবে কিভাবে তারা এ দেশে মানবাধিকার রক্ষা করবে ও গণতন্ত্রে ফিরে যাবে।"
বুধবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে শেরি ব্লেয়ারের বন্ধু ও কুইন্স কাইন্সিলের সদস্য আজমালুল হোসেনের চেম্বার কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
শেরি ব্লেয়ার বলেন, "আমি এসেছি শেখ হাসিনার বিচার কার্যক্রম দেখার জন্য এবং বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করতে।"
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে এসেই আমার ভালো লাগছে। আমি আগেই লন্ডনে অনেক বাংলাদেশীর সঙ্গে পরিচিত হয়েছি। তারা অনেকেই আমার বন্ধু। তিনি জানান, বন্ধু আজমালুল হোসেন এবং ব্যারিষ্টার রফিকুল হকের আমন্ত্রণে তিনি বাংলাদেশে এসেছেন।
শেরি ব্লেয়ার বুধবার সকাল থেকে দুপুর একটা পর্যন্ত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির আদালত কক্ষে আজম জে চৌধুরির মামলা বাতিলের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের আপিলের শুনানি পর্যবেক্ষণ করেন।
তিনি বৃহস্পতিবার ঢাকা ও এর আশপাশে ব্র্যাকের কয়েকটি প্রকল্প পরিদর্শন করবেন।
বাংলাদেশে শেরি ব্লেয়ারের এটি দ্বিতীয় সফর। এর আগে ২০০২ সালে তিনি টনি ব্লেয়ারের সঙ্গে দক্ষিণ এশিয়া সফরের অংশ হিসেবে বাংলাদেশে আসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/কিউএইচ/এমএ/১৪১৮ ঘ.
bdnews24