ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রী ঢাকা সফররত ব্যারিস্টার শেরি ব্লেয়ার সুপ্রিম কোর্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার শুনানি প্রত্যক্ষ করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সিনিয়র সুপ্রিম কোর্ট প্রতিবেদক অমিত তালুকদার জানান, শেরি ব্লেয়ার বুধবার সকাল ৯টা ১৫ মিনিটে সুপ্রিম কোর্টে আসেন।
ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি'র আমন্ত্রণে মঙ্গলবার বিকেলে ঢাকায় আসেন মানবাধিকার বিষয়ক মামলা বিশেষজ্ঞ শেরি ব্লেয়ার। তিন দিনের এই বেসরকারী সফর শেষে তিনি বৃহস্পতিবার ঢাকা ত্যাগ করবেন।
ব্যারিস্টার আজমালুল হোসেন বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শেরি ব্লেয়ার আমার সহকর্মী ছিলেন। ব্যক্তিগত আমন্ত্রণে তিনি বাংলাদেশ সফরে এসেছেন। এর সঙ্গে রাজনৈতিক কোন সম্পর্ক নেই"।
শেরি ব্লেয়ার সকাল থেকে সুপ্রিম কোর্টের এক নম্বর আদালতেই আছেন। সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা আজম জে চৌধুরীর মামলা বাতিলের বিষয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের আপিলের শুনানি চলছে।
দুপুরে শেরি ব্লেয়ার পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরীর সঙ্গে সাক্ষাত করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের সঙ্গেও কথা বলতে পারেন। রাতে তার সম্মানে হোটেল শেরাটনে ডিনারের আয়োজন করেছেন ব্যারিস্টার আজমালুল হোসেন । এতে বিচারক এবং সিনিয়র আইনজীবীরা উপস্থিত থাকবেন।
বাংলাদেশ সফরকালে শেরি ব্লেয়ার একটি হাসপাতাল এবং ব্র্যাকের একটি প্রকল্প পরিদর্শন করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/কেআরসি/এএইচডি/এসকে/১১২৯ঘ.
bdnews24