খুলনা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা সিটি করপোরেশনের মেয়র শেখ তৈয়েবুর রহমান অস্ত্র মামলায় বেকসুর খালাস পেয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় খুলনার বিশেষ আদালতের বিচারক মো. বারেকুজ্জামান এ রায় দেন।
রায়ের বিচারক বলেন, "উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নির্দেশে পরিকল্পিতভাবে মামলাটি দায়ের করা হয়েছে।"
রায়ে আরও বলা হয়, "যেহেতু মেয়রের বাড়িতে পুলিশের একটি নিরাপত্তা দল সব সময় পাহারায় ছিল, সেক্ষেত্রে কোনো অবৈধ অস্ত্র উদ্ধার হলে তার দায়ভার বর্তায় ওই পুলিশ সদস্যদের ওপর। এছাড়া ছুরি, স্টিলের ড্যাগার ও তরবারি অস্ত্র আইনের ধারায় আমলযোগ্য নয়।"
এছাড়াও মামলার ২৫ সাক্ষীর সাক্ষ্যে গরমিল আছে এবং মেয়রের বাড়ির আশেপাশের কাউকে সাক্ষী করা হয়নি বলেও রায়ে উল্লেখ করা হয়।
একনলা বন্দুক, বন্দুকের বাট, ২৩ রাউন্ড গুলি, ৯ রাউন্ড বন্দুকের ব্যবহৃত কার্তুজের লাইসেন্স থাকায় তা মেয়রের অনুকুলে ফেরত দেওয়ার এবং শার্টার গান, তরবারি, ড্যাগার ও ছোরা রাষ্ট্রের অনুকুলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়। শার্টার গানটির অবৈধতা প্রমাণিত না হওয়ায় এবং এর পক্ষে মেয়রের কাগজপত্র না থাকায় এটি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়।
বিকেল ৪টা ৪৫ মিনিটে সিটি মেয়র শেখ তৈয়েবুর রহমানকে খুলনা কারাগার থেকে কঠোর নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হয়।
শেখ তৈয়েবুর রহমান একটি চাঁদাবাজি মামলায় ২০০৭ সালের ২ নভেম্বর ঢাকা থেকে গ্রেপ্তার হন। পর দিন তাকে খুলনায় আনা হয় এবং গগনবাবু রোডে তার বাসায় অভিযান চালিয়ে পুলিশ অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার করে।
রায় ঘোষণার পর তৈয়েবুর রহমান আদালতে সাংবাদিকদের বলেন, "ন্যায় বিচার পেয়েছি। আমার বিরুদ্ধে সব মামলা সাজানো।"
তার আইনজীবী স ম বাবর আলী সাংবাদিকদের বলেন, "সত্যের জয় হয়েছে। আমরা ন্যায় বিচার পেয়েছি।"
তৈয়েবুর রহমানের বিরুদ্ধে দায়ের করা ১৪টি মামলার মধ্যে মঙ্গলবার একটি মামলার রায় দেওয়া হলো। তার বিরুদ্ধে মাদক, অর্থ আত্মসাত ও চাঁদাবাজির আরও ১৩টি মামলা বিচারাধীন আছে। এর মধ্যে ১১টিই চাঁদাবাজির মামলা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৪৭ ঘ.
bdnews24