২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির সাবেক সাংসদ নাজিমউদ্দিন আলমের বিরুদ্ধে আরেকটি অভিযোগপত্র

ভোলা-৪ আসনের বিএনপিদলীয় সাবেক সংসদ সদস্য নাজিমউদ্দিন আলমের বিরুদ্ধে রোববার আরও একটি মামলায় পুলিশ অভিযোগপত্র দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2008, 04:14 PM

Updated : 26 Aug 2022, 01:44 PM

ভোলা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলা-৪ আসনের বিএনপিদলীয় সাবেক সংসদ সদস্য নাজিমউদ্দিন আলমের বিরুদ্ধে রোববার আরও একটি মামলায় পুলিশ অভিযোগপত্র দিয়েছে। ভোলার সরকারি কৌসুলি অ্যাডভোকেট জাহাঙ্গির আলম সোমবার সাংবাদিকদের জানান, যুবলীগ নেতা মো. জহির রায়হানের ওপর হামলার ঘটনায় নাজিমউদ্দিন আলমসহ ৯ বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে পুলিশ অভিযোগপত্র দিয়েছে। এ নিয়ে নাজিমউদ্দিন আলমের বিরুদ্ধে ভোলার আদালতে ৫টি মামলায় অভিযোগপত্র দেওয়া হল বলেও জানান তিনি। ২০০৬ সালের ২ আগস্ট নাজিম উদ্দিন আলমের নির্দেশে তার ক্যাডাররা যুবলীগ নেতা জহির রায়হানের ওপর হামলা করে তার কাছ থেকে নগদ ৩২ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় তিনি চরফ্যাশনের দুলারহাট থেকে ঢাকা যাচ্ছিলেন। এ ঘটনার প্রায় এক বছর পর ২০০৭ সালের ২৯ মার্চ জহিরের ছোট ভাই মো. জামান হোসেন চরফ্যাশন থানায় নজিমউদ্দিন আলমসহ ৯ বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা চরফ্যাশন থানার উপ-পরিদর্শক মো. হারুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দীর্ঘ তদন্ত শেষে রোববার নাজিমউদ্দিন আলমসহ বিএনপির ৯ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। নাজিমউদ্দিন আলম ও অন্য আসামিরা পলাতক বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২১০ ঘ.