ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অসুস্থ শেখ হাসিনা সোমবার আদালতে হাজির হতে না পারায় তার বিরুদ্ধে দায়ের করা ভাসমান বিদ্যুৎকেন্দ্র দুর্নীতি মামলার শুনানি পিছিয়েছে। আগামী ২৪ এপ্রিল মামলার পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।
সোমবার এ মামলার অভিযোগ থেকে শেখ হাসিনাকে অব্যাহতি দেওয়ার আবেদনের ওপর শুনানি হওয়ার কথা ছিলো। কিন্তু তিনি হাজির না হওয়ায় সংসদ ভবনের বিশষ জজ আদালত-১ এর বিচারক মো. ফিরোজ আলম শুনানির নতুন তারিখ ধার্য করেন। (আরো তথ্যসহ-২)
ডিআইজি প্রিজন মেজর শামসুল হায়দার ছিদ্দিকী স্কয়ার হাসপাতালে সাংবাদিকদের বলেন, "চিকিৎসকরা বলেছেন, শেখ হাসিনার আরো কিছুটা বিশ্রামের প্রয়োজন। তাই তাকে আজ (সোমবার) আদালতে পাঠানো সম্ভব হয়নি।"
কানের ব্যাথা ও উচ্চ রক্তচাপজনিত সমস্যার কারণে শনিবার হাসিনাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
সকাল ১১ টার দিকে বিচারক এজলাসে আসার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী শরফুদ্দিন আহমেদ মুকুল আদালতকে বলেন, এ মামলার অন্যতম আসামি শেখ হাসিনা অসুস্থ অবস্থায় স্কয়ার হাসপাতালে ভর্তি আছেন। তার প্রকৃত অবস্থা সম্পর্কে একটি প্রতিবেদন দাখিলের জন্য আদালতের কাছে আদেশ চান তিনি।
এ সময় আসামি পক্ষের আইনজীবী ব্যারিস্টার সফিক আহমেদ আদালতকে বলেন, "এ মামলার আসামি তৌফিক ই ইলাহী চৌধুরীকে জামিনে মুক্তি দেওয়ার পর আবার যেভাবে আটক করা হয়েছে তা ন্যাক্করজনক। কারাগার থেকে ছেড়ে দেওয়ার পর তাকে আবার আটক করে ক্যান্টমেন্টে নিয়ে যাওয়া হয়। সেখান নতুন মামলায় আবার তাকে আটক করা হয়।"
জবাবে বিচারক ফিরোজ আলম বলেন, "এটা মামলা সংক্রান্ত কোনো বিষয় নয়।"
ভাসমান বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ঠিকাদার নিয়োগের ক্ষেত্রে প্রায় তিন কোটি টাকা ঘুষ লেনদেনের অভিযোগে গত বছরের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক এস এম শাব্বির হাসান তেজগাঁও থানায় এ মামলা দায়ের করেন। এতে হাসিনাসহ আটজনকে আসামি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এলএইচ/জেকে/১৮৩৫ ঘ.
bdnews24