২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার মুক্তি চেয়ে প্রধান উপদেষ্টাকে যুব মহিলা লীগের স্মারকলিপি

শেখ হাসিনার নিঃশর্ত মুক্তি চেয়ে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছে যুব মহিলা লীগ। কারাবন্দি আওয়ামী লীগ সভানেত্রীর মুক্তি চেয়ে নেওয়া গণস্বাক্ষরের অনুলিপিসহ রোববার এ স্মারকলিপি দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2008, 08:58 AM

Updated : 26 Aug 2022, 01:44 PM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার নিঃশর্ত মুক্তি চেয়ে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছে যুব মহিলা লীগ। কারাবন্দি আওয়ামী লীগ সভানেত্রীর মুক্তি চেয়ে নেওয়া গণস্বাক্ষরের অনুলিপিসহ রোববার এ স্মারকলিপি দেওয়া হয়। যুব মহিলা লীগ নেতারা জানিয়েছেন, প্রায় দুই লাখ লোক হাসিনার মুক্তি চেয়ে স্বাক্ষর করেছেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক (প্রশাসন) আবদুল খালেক যুব মহিলা লীগ প্রতিনিধি দলের কাছ থেকে ওই স্মারকলিপি গ্রহণ করেন। শেখ হাসিনার মুক্তি দাবিতে গত ২৭ মার্চ থেকে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগ গণস্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করে। স্মারকলিপি দেওয়ার সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক সাহারা খাতুন, মহিলা বিষয়ক সম্পাদক ডা. দীপুমনি, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আকতার, সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল উপস্থিত ছিলেন। স্মারকলিপি দেওয়ার পর মতিয়া চৌধুরী সাংবাদিকদের বলেন, "দেশে যে সঙ্কট চলছে, শেখ হাসিনাকে মুক্তি দেওয়ার মাধ্যমেই কেবল তার সমাধান সম্ভব। এ গণস্বাক্ষর অভিযান প্রমাণ করেছে, সাধারণ মানুষও শেখ হাসিনার নিঃশর্ত মুক্তি চায়।" তিনি বলেন, "আমরা আমাদের নেত্রীর চিকিৎসার বিষয়ে সরকারের করুণা চাই না। শেখ হাসিনাকে মুক্তি দিন, আমরাই তার চিকিৎসার ব্যবস্থা করবো।" যুব মহিলা লীগের সভাপতি নাজমা আকতার সাংবাদিকদের কাছে দাবি করেন, প্রধান উপদেষ্টা সাক্ষাতের সময় দিয়েও তাদের সঙ্গে দেখা করেননি। বিষয়টি তুলে ধরে মতিয়া চৌধুরী বলেন, "সরকার এ নিরীহ কর্মসূচিকেও ভয় পাচ্ছে।" হাসিনার মুক্তিতে পরবর্তী কর্মসূচির বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে মতিয়া চৌধুরী বলেন, "আওয়ামী লীগ এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের সঙ্গে পরামর্শ করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএস/একেএম/এমআই/১৪৫১ ঘ.