ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- নির্বাচনী 'রোডম্যাপ' বাস্তবায়ন করতে দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে অবসরপ্রাপ্ত মেজর হাফিজের নেতৃত্বাধীন বিএনপির 'সংস্কারপন্থী' অংশ।
বৃহস্পতিবার নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা শেষে সংস্কারপন্থী বিএনপি নেতা অবসরপ্রাপ্ত লে. জেনারেল মাহবুবুর রহমান সাংবাদিক এ কথা বলেন।
তিনি বলেন "নির্বাচনের রোডম্যাপ বাস্তবায়ন করতে দ্রুত তফসিল ঘোষণা করার জন্য আমরা নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছি।"
'সংস্কারপন্থী' বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) প্রায় ঘন্টাব্যাপী আলোচনা শেষ হয় সকাল এগারটা ৩৫মিনিটে। 'সৌজন্য সাক্ষাৎ' হিসেবে কথিত এ আলোচনা শুরু হয় সকাল সাড়ে ১০টায় ।
মেজর হাফিজের নেতৃত্বে সকালে ইসি কার্যালয়ে যান দলের স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা মোফাজ্জল করিম ও সাবেক সাংসদ ফজলুল আজিম।
বৈঠকে কমিশনের পক্ষে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা, কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন।
আলোচনা শেষে মাহবুবুর রহমান বলেন "খুব হৃদ্যতাপুর্ণ আলোচনা হয়েছে। এটা সম্পূর্ণ সৌজন্য সাক্ষাত। কোন এজেন্ডা ছিল না।"
তিনি বলেন, "গণতন্ত্রের উত্তরণে ইসির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ইসি কাজ করে যাচ্ছে। তাদের কাজে আমাদের আস্থাও রয়েছে।"
বিএনপির ঐক্য নিয়ে তিনি বলেন, "বিএনপিতে কোন বিভক্তি নেই। আমরা ঐক্যবদ্ধ হয়ে রাজনৈতিক কর্মকান্ড চালিয়ে যাব, নির্বাচন করব এবং ইসি ও সরকারের সংলাপে যাব বলে আশা করছি।
আলোচনায় ঐক্যের বিষয়টি কে তুলেছেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন দু'পক্ষ থেকেই কথাটি উঠেছে। ইসি আমাদের একসঙ্গে সংলাপে আসতে বলেছে।"
এসময় বৈঠকে যাওয়া অন্য তিন নেতাও উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে তারা দ্রুত নির্বাচন কমিশন সচিবালয় ত্যাগ করেন।
আলোচনা চলাকালে সচিবালয়ের বাইরে খালেদা এবং সংস্কারপন্থী উভয়পক্ষের কিছু সমর্থক অবস্থান নেওয়ায় একধরণের চাপা উত্তেজনা ছিল। সাক্ষাৎশেষে বেরিয়ে আসার পর হাফিজদের উদ্দেশ্যে করে খালেদাপন্থী সমর্থকরা 'ধর ধর' বলে চিৎকার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইসসি/এমইউএ/এসকে/১২২৬ঘ.
bdnews24