ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সংলাপ অনুষ্ঠানেই কারাবন্দি খালেদা জিয়া ও শেখ হাসিনার মুক্তির বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর আহ্বায়ক অধ্যাপক মোজাফফর আহমেদ।
তিনি বলেছেন, "দুই নেত্রীকে আইনগতভাবে, মামলা তুলে নিয়ে অথবা রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে মুক্তি দেয়া যেতে পারে। অতীতে এ ধরনের নজির রয়েছে।"
সোমবার জাতীয় প্রেসক্লাবে মিডিয়া ইনিশিয়েটিভ ফর পাবলিক পলিসি (এমআইপিপি) আয়োজিত 'সংলাপ: নির্বাচন পূর্ব জাতীয় ঐকমত্য অর্জনের আবশ্যকতা' শীর্ষক এক গোলটেবিল বৈঠকে সুজন আহ্বায়ক এ কথা বলেন।
মোজাফফর আহমেদ বলেন, "সংলাপে দুই নেত্রীর বিষয়টি আসবেই। সেখানেই তাদের মুক্তির বিষয়ে সিদ্ধান্ত হওয়া বাঞ্ছনীয়। আমরা চাই, বা না চাই, তারা দেশের দুই প্রধান রাজনৈতিক দলের নেত্রী। বর্তমানে তারা যে অবস্থানে রয়েছেন, তাদের বিষয়ে সিদ্ধান্ত না নিলে সাংঘর্ষিক অবস্থান থেকে বেরিয়ে আসা সম্ভব হবে বলে আমি মনে করি না।"
তবে সরকারের সঙ্গে সংলাপের আগেই রাজনৈতিক দলগুলোর ভেতরে ঐকমত্য প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
রাজনৈতিক দলগুলোর সংস্কার প্রসঙ্গে মোজাফফর আহমেদ বলেন, "রাজনৈতিক পুনর্গঠনের উদ্যোগ না নিলে সংলাপ করে লাভ হবে বলে আমার মনে হয় না।"
পাশাপাশি দেশ থেকে জরুরি অবস্থা প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
অধ্যাপক মোজাফফর বলেন, ''সংলাপের পর দেশে নির্বাচনের মাধ্যমে একটি গণপ্রতিনিধিত্বশীল সরকার আসবে বলে আশা করছি আমরা। আমাদের এখানে যে গণতন্ত্র রয়েছে, তার চেয়ে ভাল গণতন্ত্র প্রতিষ্ঠা করতে না পারলে অন্য কোনোভাবে ভাল করা যাবে না।''
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবের হোসেন চৌধুরী বলেন, ''রাজনৈতিক প্রক্রিয়া সচল করার কোনো বিকল্প নেই। নির্বাচন, নির্বাচনের তফসিল, ক্ষমতা হস্তান্তর ও নির্বাচন পরবর্তী করণীয়- এ চারটি বিষয় সংলাপের আলোচ্যসূচিতে থাকতে পারে।''
সাংবাদিক এ বি এম মুসা বলেন, ''শেখ হাসিনা ও খালেদা জিয়াকে বাদ দিয়ে কেউ সমঝোতায় বসলে তা কার্যকর হবে কি না তাতে সন্দেহ রয়েছে। তাই সরকারকে আগে ঠিক করতে হবে, কার সঙ্গে তারা সংলাপে বসবে।''
গোলটেবিল বৈঠকে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, ''আমাদের মধ্যে মতভিন্নতা থাকতে পারে, তবে সংলাপ ও জাতীয় উন্নয়নের ইস্যুতে আমাদের মধ্যে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।''
এফবিসিসিআই এর সাবেক সভাপতি মীর নাসির হোসেন বলেন, ''সঠিক সময়ে নির্বাচন হওয়া জরুরী। রাজনীতিতে গুণগত পরিবর্তন না আনা গেলে সব অর্জন ব্যর্থ হয়ে যাবে।''
সাংবাদিক ফরিদ হোসেনের সভাপতিত্বে গোল টেবিল বৈঠকে আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাবেক সাংসদ আসাদুজ্জামান নূর, বিকল্প ধারার মাহী বি চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএম/আরএ/জেকে/এমএ/১৬২৪ঘ.
bdnews24