২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদকের আইনি ভিত্তি নেই: রিটে সাকা চৌধুরী

দুর্নীতি দমন কমিশন গঠন এবং তাতে চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী ও দুই কমিশনারের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে দুর্নীতি মামলা বাতিলের জন্য হাইকোর্টে আবেদন করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী। ঘোষিত আয়ের বাইরে সম্পদের মালিক হওয়া ও সম্পত্তির তথ্য গোপনের মামলা বাতিলের আবেদন জানিয়ে রোববার হাইকোর্টে দায়ের করা রিটে এসব বিষয়ে প্রশ্ন তোলা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2008, 02:49 PM

Updated : 26 Aug 2022, 01:40 PM

ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশন গঠন এবং তাতে চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী ও দুই কমিশনারের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে দুর্নীতি মামলা বাতিলের জন্য হাইকোর্টে আবেদন করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী। ঘোষিত আয়ের বাইরে সম্পদের মালিক হওয়া ও সম্পত্তির তথ্য গোপনের মামলা বাতিলের আবেদন জানিয়ে রোববার হাইকোর্টে দায়ের করা রিটে এসব বিষয়ে প্রশ্ন তোলা হয়। সাকা চৌধুরীর পক্ষে তার আইনজীবী নিজামুল ইসলাম বিচারপতি ইমান আলী ও এ এফ এম আবদুর রহমানের বেঞ্চে এই রিট আবেদন করেন। এতে দুর্নীতি দমন কমিশন গঠন প্রক্রিয়াকে বেআইনি অভিহিত করে এর চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী ও দুই কমিশনারের নিয়োগ এবং সাকা চৌধুরীর বিরুদ্ধে কমিশনের দায়ের করা দুর্নীতি মামলার কার্যক্রমকে 'আইনগত কর্তৃত্ব বহির্ভূত ও বেআইনি' ঘোষণার দাবি জানানো হয়েছে। রিটে মামলাটির কার্যক্রম স্থগিতেরও আবেদন জানানো হয়েছে। আদালত সোমবার এই রিটের ওপর শুনানির দিন ধার্য করেছে। রিট আবেদনে বলা হয়েছে, 'দুর্নীতি দমন কমিশন' আইন মেনে বর্তমান কমিশন গঠন করা হয়নি। ওই আইনে বলা হয়েছে, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের দুজন বিচারপতি, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, সরকারী কর্ম কমিশনের চেয়ারম্যান ও সর্বশেষ অবসরে যাওয়া মন্ত্রিপরিষদ সচিবকে নিয়ে একটি বাছাই কমিটি করতে হবে। সেই বাছাই কমিটির সুপারিশ অনুযায়ী রাষ্ট্রপতি কমিশনারদের নিয়োগ দেবেন। এতে বলা হয়, ২০০৪ সালে ওই কমিটির সুপারিশ অনুযায়ী বিচারপতি সুলতান হোসেন খানের নেতৃত্বে স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠন করা হয়। সুলতান হোসেন খান ২০০৭ সালের ৭ ফেব্র"য়ারিতে পদত্যাগ করেন। এরপর নতুন বাছাই কমিটি গঠন করে কমিশনারদের নিয়োগ দেওয়া না হওয়ায় বর্তমানে আইন সম্মত কোনো কমিশনের অস্তিত্ব নেই। রিটে দাবি করা হয়, গতবছর ২২ ফেব্র"য়ারি আইন লঙ্ঘন করে হাসান মাশহুদ চৌধুরী, মো. হাবিবুর রহমান ও আবুল হাসান মনজুর মান্নানকে কমিশনার হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। আর আইন অনুযায়ী কমিশন গঠিত হয়নি বলে সাকা চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের, দাখিল করার জন্য অভিযোগপত্রে অনুমোদন দেওয়ার আইনগত এখতিয়ার এবং মামলা চালানোর অধিকার এ কমিশনের নেই। যৌথবাহিনী গতবছর ৪ ফেব্র"য়ারি সাকা চৌধুরীকে গ্রেপ্তার করে। ওই বছরের ১৮ ফেব্র"য়ারি তার সম্পদের হিসাব চেয়ে নোটিশ দেয় দুদক। ২৫ ফেব্র"য়ারি তার স্ত্রী ফারহাত কাদের চৌধুরী মোট ১৪ কোটি ৮৬ লাখ ৩৫ হাজার ৪৩৫ টাকা ২৫ পয়সার সম্পদের হিসাব কমিশনে জমা দেন। কমিশনের সহকারী পরিচালক এস এম এম আখতার হামিদ ভুঁঞা গতবছর ১৩ জুন সাকা চৌধুরীর বিরুদ্ধে ঘোষিত আয়ের বাইরে ১ কোটি ১৭ লাখ ৮৭ হাজার ১৪০ টাকার সম্পদ অর্জন এবং সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে রমনা থানায় এই মামলা দায়ের করেন। গতবছর ১ অক্টোবর এ মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। ৫ নভেম্বর আদালত এ মামলায় সাকা চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে। সাকা চৌধুরীর আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গতবছর ২৫ নভেম্বর মামলাটির কার্যক্রম স্থগিত করে দেয়। এ বছর ২৮ জানুয়ারি আপিল বিভাগ ওই আদেশ বাতিল করলে নিম্ন আদালতে মামলাটির বিচার কার্যক্রম শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/এমএইচবি/২০৪২ ঘ.