২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ সংস্কার প্রস্তাব অনুমোদন শিগগিরই: স্বরাষ্ট্র উপদেষ্টা

পুলিশ বাহিনীর আধুনিকায়নে পুলিশ সংস্কার প্রস্তাব শিগগিরই অনুমোদন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিন। রোববার রাজধানীর মিরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-০৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2008, 09:59 AM

Updated : 26 Aug 2022, 01:40 PM

ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশ বাহিনীর আধুনিকায়নে পুলিশ সংস্কার প্রস্তাব শিগগিরই অনুমোদন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিন। রোববার রাজধানীর মিরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-০৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান। উপদেষ্টা আশা প্রকাশ করেছেন, উপদেষ্টা পরিষদের আগামী বৈঠকেই এটি অনুমোদিত হতে পারে। পুলিশ প্রশাসনে জনমুখী পরিবর্তনের লক্ষ্যে 'বাংলাদেশ পুলিশ অধ্যাদেশ' এর খসড়া ইতোমধ্যে তৈরি হয়েছে। প্রস্তাবিত খসড়াটির ওপর বর্তমানে স্থানীয় পর্যায়ে জনমত যাচাই চলছে। খসড়া প্রস্তাবে ১১ সদস্যের জাতীয় পুলিশ কমিশন, পাঁচ সদস্যের স্বাধীন পুলিশ অভিযোগ কর্তৃপক্ষ এবং অভিযুক্ত পুলিশ সদস্যকে দ্রুত সাজা দেওয়ার জন্য পুলিশ ট্রাইব্যুনাল গঠনসহ ব্যাপক সংস্কারের সুপারিশ করা হয়েছে। পুলিশের স্বাভাবিক কাজে যারাই প্রভাব সৃষ্টি, তদবির ও হস্তক্ষেপ করবে তাদেরকেই এক থেকে তিন লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড এবং জাতীয় পুলিশ কমিশনে তদন্ত ও বিচারের মুখোমুখি করার প্রস্তাবও রয়েছে এতে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "সরকারের বিভিন্ন বিভাগে যে সংস্কার প্রক্রিয়া চলছে তারই ধারাবাহিকতায় পুলিশ বাহিনীকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক, গতিশীল ও আধুনিক করার জন্য পুলিশ সংস্কার প্রস্তাব অনুমোদিত হতে যাচ্ছে। আশা করছি, উপদেষ্টা পরিষদের আগামী বৈঠকেই প্রস্তাবটি অনুমোদন হবে।" খসড়ার ওপর উপদেষ্টা পরিষদ থেকেও কিছু প্রস্তাব দেওয়া হয়েছে বলে এম এ মতিন জানান। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের অনুষ্ঠানে উপদেষ্টা জানান, সংস্থাটির কার্যক্রম বাড়াতে বর্তমান সরকারের সময়ে ৪০ কোটি টাকার যন্ত্রপাতি কেনা হয়েছে। এর পাশাপাশি বড় ধরনের অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের ক্ষয়ক্ষতির মাত্রা কমিয়ে আনতে আধুনিক সাজ-সরঞ্জাম কেনার জন্য ৮৬ কোটি টাকার একটি প্রকল্পও একনেকে অনুমোদিত হয়েছে। ফায়ার সার্ভিসের পদ সংখ্যা বাড়ানো হবে জানিয়ে উপদেষ্টা মতিন বলেন, "কর্মদক্ষতা বৃদ্ধির পাশাপাশি ঝুঁকি ভাতাও বাড়ানো হবে।" চারটি প্রকল্পের মাধ্যমে সারাদেশে দমকল স্টেশন বৃদ্ধির কার্যক্রমও চলছে বলে উপদেষ্টা জানান। কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদেশে পাঠানোর ব্যাপারে অনুষ্ঠান শেষে সাংবাদিকরা প্রশ্ন করলে উপদেষ্টা এম এ মতিন তা এড়িয়ে যান। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মো. শহিদুল্লাহ বলেন, "ঢাকা শহরের বড় বড় দালানগুলোতে অগ্নি নির্বাপক যন্ত্রপাতি থাকা উচিত। যেন দুর্ঘটনা ঘটলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া যায়।" উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র সচিব মো. আবদুল করিম, পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ, র‌্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খোন্দকার ও মিরপুর জোনের পুলিশ কমিশনার আনোয়ার হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/একেএম/আরএ/এমআই/১৫৫১ ঘ.