২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার মুক্তি দাবিতে অঙ্গ সংগঠনের 'গণঅনশন'

শেখ হাসিনার মুক্তি দাবিতে রোববার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে 'গণঅনশন' কর্মসূচি পালন করেছে যুব মহিলা লীগ। কর্মসূচিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা হাসিনার মুক্তি দাবি করে বলেন, তা না হলে সামনে কঠোর কর্মসূচি দেওয়া হবে। এদিকে, স্কয়ার হাসপাতালের চিকিৎসকরা শেখ হাসিনার কানের চিকিৎসার ক্ষেত্রে আবারো নিজেদের সীমাবদ্ধতার কথা জানিয়েছেন। তবে এ বিষয়ে চূড়ান্ত সুপারিশ দিতে আরও সাত থেকে ১০ দিন সময় নেবেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2008, 03:25 PM

Updated : 26 Aug 2022, 01:36 PM

ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার মুক্তি দাবিতে রোববার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে 'গণঅনশন' কর্মসূচি পালন করেছে যুব মহিলা লীগ। কর্মসূচিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা হাসিনার মুক্তি দাবি করে বলেন, তা না হলে সামনে কঠোর কর্মসূচি দেওয়া হবে। এদিকে, স্কয়ার হাসপাতালের চিকিৎসকরা শেখ হাসিনার কানের চিকিৎসার ক্ষেত্রে আবারো নিজেদের সীমাবদ্ধতার কথা জানিয়েছেন। তবে এ বিষয়ে চূড়ান্ত সুপারিশ দিতে আরও সাত থেকে ১০ দিন সময় নেবেন তারা। রোববার সকাল ১০টা থেকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে গণঅনশন শুরু করেন যুব মহিলা লীগের নেতা-কর্মীরা। বিকেল ৫টার দিকে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান শরবত পান করিয়ে তাদের অনশন ভাঙান। যুবলীগের গণঅনশনের কর্মসূচিকে 'অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম' আখ্যায়িত করে জিল্লুর রহমান বলেন, "দেশ আজ কঠিন দুর্যোগে পড়েছে। কেবল শেখ হাসিনাই এ থেকে উত্তরণ ঘটাতে পারেন।" অনুষ্ঠানে কিছুক্ষণের জন্য উপস্থিত হন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমীর হোসেন আমু। কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে তিনি বলেন, "ইনশাল্লাহ, আমরা শেখ হাসিনাকে মুক্ত করবই।" সভাপতিমণ্ডলীর আরেক সদস্য আব্দুর রাজ্জাক সরকারের নীতিনির্ধারকদের উদ্দেশে বলেন, "শেখ হাসিনার কিছু হলে আপনাদের প্রাসাদ পুড়ে ছারখার হয়ে যাবে। আপনারা আওয়ামী লীগের ওপর স্টিম রোলার চালাবেন- আশা করিনি। আমরা গণতন্ত্রের স্বার্থে আপনাদের সমর্থন দিয়েছিলাম। শেখ হাসিনাকে মুক্তি না দিলে এমন কর্মসূচি দেব যার সামনে আপনারা টিকতে পারবেন না।" তোফায়েল আহমেদ আন্দোলনের জন্য দলের সবগুলো সহযোগী সংগঠনকে প্রস্তুত থাকার আহ্বান জানান। তিনি বলেন, "যুব মহিলা লীগ শেখ হাসিনার মুক্তি আন্দোলনের বীজ বপন করেছে। আমরা ধারাবাহিকভাবে কাজ এগিয়ে নিয়ে যাব।" সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদ বিষয়ক উপদেষ্টা সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, "আওয়ামী লীগের ধৈর্যের সীমা আছে। আপনারা এই ধৈর্যের পরীক্ষা নেবেন না। তাহলে আমরা সিদ্ধান্ত নিতে বাধ্য হব।" চিকিৎসকদের শেখ হাসিনার কাছে যেতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। কারামুক্ত শেখ হাসিনার নেতৃত্বেই আওয়ামী লীগ সংসদ নির্বাচনে অংশ নেবে বলে ঘোষণা দেন তিনি। দলের সাংগঠনিক সম্পাদক সাবের হোসেন চৌধুরী বলেন, "শেখ হাসিনাকে ছাড়া নির্বাচন হলে আওয়ামী লীগের জন্য প্রতিদ্বন্দ্বিতার সমান সুযোগ থাকবে না।" অনশনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী ও মহিলা বিষয়ক সম্পাদক ডা. দীপু মণিও অংশ নেন। এদিকে, বিকেলে শেখ হাসিনার চিকিৎসক প্যানেলের প্রধান সানোয়ার হোসাইন স্কয়ার হাসপাতালে সংবাদ সম্মেলনে বলেন, "শেখ হাসিনার কানের সমস্যা চিহ্নিত করা হয়েছে। তবে ওই সমস্যার কোনো উন্নতি হয়নি।" এ চিকিৎসার ক্ষেত্রে নিজেদের সীমাবদ্ধতার কথা আবারো জানান তিনি। আওয়ামী লীগ সভানেত্রীকে বিদেশে পাঠানোর সুপারিশ সম্পর্কে সানোয়ার হোসাইন বলেন, "সুপারিশ সাধারণত শেষে হয়। তাছাড়া তিনি শুধু একটি সমস্যার জন্য আসেননি। চোখ, অ্যালার্জির সমস্যাগুলোও দেখা হচ্ছে। এখন যা দেখতে পাচ্ছি তাতে সার্বিক মতামত দিতে আরও সাত থেকে ১০দিন লাগবে।" সানোয়ার হোসাইন জানান, শেখ হাসিনার রক্তচাপ ও অ্যালার্জি নিয়ন্ত্রণে আছে। তবে ধারাবাহিক পর্যবেক্ষণে চোখের কিছু সমস্যা পাওয়া গেছে। এজন্য তাৎক্ষণিক কিছু চিকিৎসা দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে চিকিৎসক প্যানেলের সদস্য এম জিয়াউল হক, মীর্জা নাজিম উদ্দিন ও সারোয়ার-ই-আলম উপস্থিত ছিলেন। কারাবন্দি শেখ হাসিনাকে গত ১১ মার্চ স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ১২ জন চিকিৎসকের একটি প্যানেল তার চিকিৎসা করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমইউএ/এসএনডি/এসকে/২১১৮ঘ.