২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির ১৯টি মামলায় সরকারের আপিলের শুনানি ২৩ এপ্রিল পর্যন্ত মুলতবি

তারেক রহমান, ব্যারিস্টার নাজমুল হুদা, মীর্জা আব্বাস, তরিকুল ইসলামসহ ১৩ জনের বিরুদ্ধে ১৯টি দুর্নীতি মামলায় সরকারের আপিলের শুনানি ২৩ এপ্রিল পর্যন্ত মুলতবি করেছে সুপ্রিম কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2008, 03:36 PM

Updated : 26 Aug 2022, 01:34 PM

ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তারেক রহমান, ব্যারিস্টার নাজমুল হুদা, মীর্জা আব্বাস, তরিকুল ইসলামসহ ১৩ জনের বিরুদ্ধে ১৯টি দুর্নীতি মামলায় সরকারের আপিলের শুনানি ২৩ এপ্রিল পর্যন্ত মুলতবি করেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি মো রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ বুধবার এ আদেশ দেন। এর আগে মঙ্গলবার শেখ হাসিনার বিরুদ্ধে আজম জে চৌধুরীর চাঁদাবাজি মামলা বাতিল করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের আপিলের ওপর শুনানি ২৩ এপ্রিল পর্যন্ত মুলতবি করে আপিল বিভাগ। আপিল বিভাগের বিচারপতি তাফাজ্জাল ইসলাম প্রায় এক মাস বিদেশে থাকবেন বলে হাসিনার মামলায় সরকারের আপিলের শুনানি মুলতবি করা হয়। ওই আপিলের সঙ্গে তারেক, কোকোসহ অন্যদের ১৯টি মামলায় সরকারের আপিলে একই আইনি প্রশ্ন জড়িত থাকায় এগুলোর শুনানিও ২৩ এপ্রিল পর্যন্ত মুলতবি করা হয়েছে। সাবেক মন্ত্রী মীর্জা আব্বাস, তরিকুল ইসলাম, ব্যারিস্টার নাজমুল হুদা, খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো, আওয়ামী লীগ নেতা সৈয়দ আবুল হোসেন, বিএনপির সাবেক সাংসদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টু, জামায়াতে ইসলামীর সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী, বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু, শেখ হাসিনার বিশেষ সহকারী মাহমুদ হাসান ও ব্যবসায়ী গিরিধারী লাল মোদীর একটি করে, তারেক রহমান ও রুহুল কুদ্দুস তালুকদার দুলুর দুটি করে এবং মোসাদ্দেক আলী ফালুর পাঁচটি মামলায় হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সরকারের আপিলের শুনানি বুধবার মুলতবি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/২১৩০ ঘ.