২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনা সুস্থ আছেন: চিকিৎসক

স্কয়ার হাসপাতালে ভর্তি কারাবন্দি শেখ হাসিনা এখন মানসিক এবং শারীরিকভাবে অনেকটাই সুস্থ আছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। শেখ হাসিনার চিকিৎসার জন্য ১২ জন চিকিৎসকের সমন্বয়ে গঠিত প্যানেলের প্রধান অধ্যাপক সানোয়ার হোসেন মঙ্গলবার সাংবাদিকদের এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2008, 05:57 AM

Updated : 26 Aug 2022, 01:35 PM

ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--স্কয়ার হাসপাতালে ভর্তি কারাবন্দি শেখ হাসিনা এখন মানসিক এবং শারীরিকভাবে অনেকটাই সুস্থ আছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। শেখ হাসিনার চিকিৎসার জন্য ১২ জন চিকিৎসকের সমন্বয়ে গঠিত প্যানেলের প্রধান অধ্যাপক সানোয়ার হোসেন মঙ্গলবার সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, "শেখ হাসিনার এলার্জি এখন অনেক কমে গেছে। রক্তচাপও স্থিতাবস্থায় রয়েছে। এখন উনি (হাসিনা) নিজেকে মানসিক এবং শারীরিকভাবে একটু সুস্থ মনে করছেন। তাকে তার পছন্দের খাবারও খেতে দেওয়া হচ্ছে।" বুধবার শেখ হাসিনার আল্ট্রাসনোগ্রাফি করার কথা রয়েছে জানিয়ে সানোয়ার হোসেন বলেন, শেখ হাসিনার শারীরিক পরীক্ষাগুলো পর্যায়ক্রমে করা হচ্ছে। তিনি জানান, শেখ হাসিনাকে পর্যবেক্ষণ, পরিচর্যা এবং চিকিৎসা সবই ঠিকভাবে চলছে। তবে আরো কিছুদিন তাকে পর্যবেক্ষণে রাখতে হবে। কানের চিকিৎসা সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি জানান, প্যানেলের সদস্য শাহিল মাহমুদ মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রীর কান পরীক্ষা করেছেন। এসময় আরও উপস্থিত ছিলেন চিকিৎসক প্যানেলের সদস্য জিয়াউল হক, এবিএম সারোয়ার-ই-আলম, মীর্জা নাজিম উদ্দিন এবং স্কয়ার হাসপাতালের জেনারেল ম্যানেজার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) জন গমেজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /এলএইচ/আরএ/এমএ/১১৫০ঘ.