২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রাণের চাল পাচারের অভিযোগে নীলফামারীতে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ত্রাণের চাল পাচারের অভিযোগে কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোমিনুর রহমান মোমিনকে (৪০) মঙ্গলবার আটক করেছে যৌথবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2008, 03:54 PM

Updated : 26 Aug 2022, 01:34 PM

নীলফামারী, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ত্রাণের চাল পাচারের অভিযোগে কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোমিনুর রহমান মোমিনকে (৪০) মঙ্গলবার আটক করেছে যৌথবাহিনী। দক্ষিণ বড়ভিটা গ্রামের কয়েকটি বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে ত্রাণের এক হাজার ৭০০ কেজি চাল। চালসহ আটক ইউপি চেয়ারম্যানকে থানায় সোপর্দ করা হয়েছে। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শংকর কুমার দাস জানান, বড়ভিটা ইউনিয়নে মঙ্গলবার দুস্থদের মাঝে বিতরণ না করে বিপুল পরিমাণ ত্রাণের চাল পাচারের খবর পেয়ে যৌথবাহিনী অভিযান চালিয়ে দক্ষিণ বড়ভিটা গ্রামের আতিয়ার রহমানের বাড়ি থেকে ১২ বস্তা ও আনিসুর রহমানের বাড়ি থেকে ১৪ বস্তা চাল উদ্ধার করে। উদ্ধার করা মোট চালের পরিমাণ এক হাজার ৭০০ কেজি। এ দুজন পলাতক থাকায় তাদের আটক করা যায়নি। পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বড়ভিটা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোমিনুর রহমান মোমিনকে আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান শংকর কুমার দাস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৫১ ঘ.