ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত গীতা পাসি বলেছেন, সরকারের প্রতিশ্র"তি অনুযায়ী ২০০৮ সালের শেষ নাগাদ বাংলাদেশে সবার অংশগ্রহণমূলক একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র।
রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার অংশ হিসেবে মঙ্গলবার বারিধারায় প্রেসিডেন্ট পার্ক অ্যাপার্টমেন্টে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদেরকে কাছে এ কথা বলেন।
এক ঘণ্টার বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনী রোডম্যাপ বাস্তবায়নের অগ্রগতি এবং রাজনৈতিক দল ও সরকারের মধ্যে সংলাপের গুরুত্ব নিয়ে আলোচনা হয়।
বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব অ্যাডভোকেট রুহুল আমিন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য জিএম কাদের ও জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু।
পরে এইচ এম এরশাদ সাংবাদিকদের বলেন, "বৈঠকে নির্বাচন কমিশন, আগামী সংসদ নির্বাচন ও সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপের বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি আমাদের অবস্থান জানতে চেয়েছেন।"
এরশাদ বলেন, "আমরা জাতীয় নির্বাচনের আগে উপজেলা নির্বাচন অনুষ্ঠানের পক্ষে আমাদের অবস্থানের কথা বলেছি। রাষ্ট্রদূতকে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে সরকার ভুলত্র"টি সংশোধন করে নিতে পারবে।"
একইসঙ্গে জাতীয় ও স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের বিপক্ষে জাতীয় পাটির অবস্থানের কথা জানিয়ে সাবেক রাষ্ট্রপতি বলেন, "এতে বিশৃঙ্খলা দেখা দিতে পারে।"
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তারা নিয়মিতভাবে রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের সদস্যদের সঙ্গে বৈঠক করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এসএনডি/২১৩৬ ঘ.
bdnews24