২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপ নিয়ে বিএনপির রিটের শুনানি নবম দিনের মতো অব্যাহত

বিএনপির সঙ্গে সংলাপের বিষয়ে নির্বাচন কমিশনের পাঠানো চিঠির বিরুদ্ধে দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও সাবেক ছাত্রদল নেতা নাসিরউদ্দিন আহমেদ অসীমের করা রিট আবেদনের ওপর শুনানি হাইকোর্টে নবম দিনের মতো অব্যাহত রয়েছে। মঙ্গলবারও শুনানি চলবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2008, 02:15 PM

Updated : 26 Aug 2022, 01:33 PM

ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সঙ্গে সংলাপের বিষয়ে নির্বাচন কমিশনের পাঠানো চিঠির বিরুদ্ধে দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও সাবেক ছাত্রদল নেতা নাসিরউদ্দিন আহমেদ অসীমের করা রিট আবেদনের ওপর শুনানি হাইকোর্টে নবম দিনের মতো অব্যাহত রয়েছে। মঙ্গলবারও শুনানি চলবে। বিচারপতি মীর্জা হোসেইন হায়দার ও বিচারপতি মাহনুন রহমানের বেঞ্চ সোমবার নবম দিনের মতো শুনানি গ্রহণ করে। বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভুইয়ার পক্ষে ব্যারিস্টার মাসুদ রেজা সোবহান আদালতকে বলেন, আবদুল মান্নান ভুইয়াকে স্থায়ী কমিটির সদস্য হিসেবেই কমিটির সভায় আমন্ত্রণ জানানো হয়। এজন্য তার উপস্থিতির কারণে ওই সভা অবৈধ হয়ে যায়নি। কোরাম পূর্ণ হলেই সভা বৈধ হবে। এর বিরোধিতা করে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, সংলাপে আমন্ত্রণ জানানোর ক্ষেত্রে নির্বাচন কমিশনের উচিত ছিল বিএনপির গঠনতন্ত্র অনুসরণ করা। গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারপারসন হচ্ছেন দলের সর্বেসর্বা। তিনিই নির্ধারণ করবেন সংলাপে বিএনপির পক্ষে কে প্রতিনিধিত্ব করবেন। গত ১৮ নভেম্বর খালেদার রিট আবেদনের পরিপ্রেক্ষিতে অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদকে সংলাপে ডাকার ব্যাপারে নির্বাচন কমিশনের দেওয়া চিঠির কার্যকারিতা স্থগিত করে হাইকোর্ট। নির্বাচন কমিশন গত বছরের ৫ নভেম্বর এক চিঠিতে মেজর হাফিজকে ২২ নভেম্বর সংলাপে অংশ নেওয়ার আহ্বান জানায়। ওই চিঠিকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং খন্দকার দেলোয়ার হোসেনকে কেন সংলাপে আমন্ত্রণ জানানোর নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চেয়ে নির্বাচন কমিশন, বিএনপির স্থায়ী কমিটির ছয় সদস্য ও মেজর হাফিজের প্রতি রুল জারি করে আদালত। কমিশন চিঠি পাঠানোর আগে ৪ নভেম্বর ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীমের করা আরেকটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট নির্বাচন কমিশনের প্রতি রুল জারি করে আইন, প্রথা ও বিএনপির গঠনতন্ত্র মেনে নির্বাচনী সংলাপে আমন্ত্রণ জানাতে কেন নির্দেশ দেওয়া হবে না- তার জবাব চেয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/২০১৩ ঘ.