ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানের আমূল সংস্কার চেয়েছেন এক দল সাবেক সাংসদ। এ জন্য 'সংবিধান কমিশন' গঠনেরও পরামর্শ দিয়েছেন তারা। সাবেক সাংসদরা রাষ্ট্র পরিচালনায় সেনাবাহিনীর একটি স্থায়ী ভূমিকা সাংবিধানিকভাবে নির্ধারণের পাশাপাশি শ্রমজীবী, কর্মজীবী ও পেশাজীবীদেরও তাতে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন।
'প্রাক্তন জাতীয় সাংসদ পরিষদ' নামে নতুন একটি সংগঠনের পক্ষ থেকে রোববার এ আহ্বান জানানো হয়।
আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি ও জাসদের এক দল সাবেক সাংসদ নিয়ে গঠিত এ সংগঠন রোববার সংবাদ সম্মেলনের মাধ্যমে আত্মপ্রকাশ করেছে।
প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিষদের প্রধান সমন্বয়কারী সাবেক প্রতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীসহ সাবেক সাংসদ গোলাম মোস্তফা, আবদুল মতিন হিরু, শাহ মোহাম্মদ আবু জাফর, এম এ গোফরান, ইমদাদুল হক মামুন, হুমায়ুন কবীর, রেহানা আক্তার হীরা ও রহিমা আখতার প্রমুখ।
নিতাই রায় চৌধুরী বলেন, "সাবেক সাংসদদের নিয়ে গঠিত এ সংগঠনের উদ্দেশ্যে হচ্ছে, সময়োপযোগী সংস্কারের মাধ্যমে দেশকে সামনে দিকে এগিয়ে নেওয়া।"
তিনি বলেন, "১১ জানুয়ারি পূর্ব সময়ে সর্বক্ষেত্রে যে দুর্বৃত্তায়ন, দুর্নীতি ও সন্ত্রাস রোগের জন্ম হয়েছে, তা সমাজ জীবনকেও গ্রাস করেছে। রাজনৈতিক দলগুলোও গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে দাঁড়াতে পারেনি। তাই গতানুগতিক রাজনৈতিক ধারায় আগামী নির্বাচন হলে আগের অবস্থারই পুনরাবৃত্তি হবে। কতিপয় রাজনৈতিক দলের সংকীর্ণ স্বার্থের জন্য ১/১১ এর চেতনা নস্যাৎ হতে পার না।"
নিতাই রায় মনে করেন, সেনাবাহিনীসহ শ্রমজীবী, কর্মজীবী ও পেশাজীবীদের দেশ পরিচালনায় সম্পৃক্ত করতে হবে। এ লক্ষ্যে জাতীয় কনভেনশন অনুষ্ঠান হতে পারে। এক্ষেত্রে তুরস্কের উদাহরণ তুলে ধরেন এ সাবেক সাংসদ।
তিনি বলেন, "সেনাবাহিনী রাষ্ট্রীয় ও সামাজিক বহু কাজে সহযোগিতার জন্য এগিয়ে আসে। এ কারণে সেনাবাহিনীর একটি স্থায়ী ভূমিকা রাষ্ট্রীয় পর্যায়ে সাংবিধানিকভাবে নির্ধারিত থাকা বাঞ্ছনীয়।"
নিতাই রায় চৌধুরী বলেন, "সামরিক বাহিনীসহ সব শ্রম-কর্ম ও পেশার অংশীদারিত্বমূলক শাসন ব্যবস্থা চালু করতে হবে। সেজন্য একটি সাংবিধানিক কমিশন গঠন অবশ্য করণীয় হয়ে দেখা দিয়েছে।"
সংবিধান সংস্কারের লক্ষ্যে জাতীয় ঐক্য গড়ে তোলারও আহ্বান জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৩৪৪ ঘ.
bdnews24