চট্টগ্রাম, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তার বড় ছেলে তারেক জিয়াসহ সকল রাজনৈতিক নেতার মুক্তির দাবিতে বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানব বন্ধন করেছে জাতীয়বাদী ছাত্রদল। তবে পুলিশের বাধার মুখে আধ ঘণ্টার মধ্যে পণ্ড হয়ে যায় মানব বন্ধন।
পুলিশ মানব বন্ধন থেকে চবি ছাত্রদলের যুগ্ম সম্পাদক নেছারুল ইসলাম নাজমুলকে আটক করে। প্রায় দুই ঘন্টা আটকে রাখার পর মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
জাতীয়তাবাদী ছাত্রদলের চবি শাখার প্রায় পঞ্চাশ জন নেতা কর্মী সকাল এগারটার দিকে চাকসু ভবনের সামনে মুখে কালো কাপড় বেঁধে এবং ব্যানার নিয়ে মানব বন্ধন করে। ব্যানারে খালেদা জিয়া, তারেক জিয়া ও ছাত্রদল সভাপতি আজিজুল বারী হেলালসহ সকল রাজনৈতিক নেতার নিশর্ত মুক্তি দাবির কথা লেখা ছিল।
চবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম তৌহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছাত্রদলের নেতা কর্মীরা বিএনপিসহ সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন করে।
তিনি জানান, মানববন্ধনের সময় আকস্মিকভাবে পুলিশ এসে নেতা কর্মীদের মারধর করতে উদ্যত হয় এবং ব্যানার ছিনিয়ে নেয়। তারা মানব বন্ধন পণ্ড করে দেয় এবং এক নেতাকে তুলে নিয়ে যায়। পরে চাপের মুখে তার কাছ থেকে মুচলেকা নিয়ে দুপুরে ছেড়ে দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/২১৪৮ ঘ.
bdnews24